সংবাদদাতা, গঙ্গারামপুর: সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি রহিমপুর সমবায় সমিতির নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল হল। দীর্ঘদিন ধরেই এই সমিতিতে কোনও নির্বাচিত বোর্ড নেই। জেলা সমবায় দপ্তরের উদ্যোগে যেসব সমবায়ে নির্বাচিত বোর্ড ভেঙে গিয়েছে, সেইসব সমবায়ে নির্বাচন শুরু হয়েছে। ২৯ ডিসেম্বর বংশীহারির রহিমপুর সমবায় সমিতিতে নির্বাচন হবে। বংশীহারি ব্লক সমবায় দপ্তর জানিয়েছে, রহিমপুর সমবায় সমিতিতে আসন সংখ্যা নয়। মোট ভোটার ৫৭৩ জন। এদিন তৃণমূল কংগ্রেসের ন’জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বিরোধী শিবিরের ১০ জন প্রার্থী মনোনয়ন জমা করেছেন। বংশীহারি ব্লক সমবায় দপ্তরের আধিকারিক ময়ূখ চক্রবর্তী বলেন, রহিমপুর সমবায় সমিতির নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালে। চার বছর ধরে সরকারি প্রতিনিধি সমবায় সমিতি চালিয়ে আসছে। নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে। মোট মনোনয়ন জমা পড়েছে ১৯টি। সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করতে দপ্তর তৎপর রয়েছে।



