সংবাদদাতা বোলপুর: যথাযথ মর্যাদায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর প্রাক্তন আচার্য ডঃ মনমোহন সিংকে শ্রদ্ধার্ঘ্য জানাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার শান্তিনিকেতনের উপাসনা গৃহে প্রাক্তন আচার্যকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল বিশ্ববিদ্যালয় পরিবার। এদিনের স্মরণে উপাসনায় উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সরেন সহ অন্যান্য আধিকারিকরা। উপাসনায় আচার্যের পদে আসীন ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ হালদার। সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত ভবনের পড়ুয়ারা। প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে পৌষমেলার বিনোদন মঞ্চের সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পাশাপাশি এদিন বিশেষ উপাসনার মাধ্যমেও মনমোহন সিংকে শ্রদ্ধার্ঘ্য জানাল বিশ্বভারতী।



