সংবাদদাতা শান্তিনিকেতন: শুক্রবার শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চীনা ভবন ও চাইনিজ কনস্যুলেট কলকাতার তরফে চীনা ভাষায় বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগে বিশ্বভারতীতে ছ’বার এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। এদিনের প্রতিযোগিতায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ছাড়াও দেরাদুন বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, তেজপুর বিশ্ববিদ্যালয়, গুজরাট কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, মহাত্মা গান্ধী অন্তঃরাষ্ট্রীয় হিন্দি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নেন। অন্যান্য মোট ৪০জন পড়ুয়া এদিনের প্রতিযোগিতায় অংশ নেয়। মূলত ভারত ও চীনের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে এই ধরনের প্রতিযোগিতা অনেকটাই সাহায্য করবে।
Advertisement
ভারতবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন চীনা ভাষা পড়াশোনা করা হচ্ছে তেমনই চীন দেশেও সংস্কৃত, হিন্দি সহ ভারতীয় ভাষা চর্চা করছেন সে দেশের পড়ুয়ারা। এদিনের এই প্রতিযোগিতার অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন কলকাতায় অবস্থিত চিনা কনসোল জেনারেল সু ওয়ে। এছাড়াও ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সোরেন, ভাষা ভবনের অধ্যক্ষ মনোরঞ্জন প্রধান সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন চীনা কনস্যুলেট অফিসের আধিকারিকরা। মূলত প্রতিযোগীদের বিভিন্ন সমসাময়িক বিষয়ের উপর বলার জন্য বিষয় দেওয়া হয়।



