Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত শুরুর দাবিতে ডিএমের দ্বারস্থ তৃণমূল

বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত শুরুর দাবিতে ডিএমের দ্বারস্থ তৃণমূল
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা রয়েছে হাজিপুরে। সেখানে প্রায় তিন কোটিতে প্রাচীর হলেও নিজস্ব ভবন হয়নি। বিএড কলেজ ক্যাম্পাসে চলছে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন। মাত্র তিনটি বিভাগে পড়াশোনা চলছে। প্রায় একমাস হতে চললেও উপাচার্য হিসেবে দায়িত্ব নেননি প্রণব ঘোষ। সব মিলিয়ে নানা জটে রয়েছে বিশ্ববিদ্যালয়। এই অবস্থায় ফের বালুরঘাট থেকে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় অন্যত্র চলে যাওয়ার আশঙ্কা করছে বালুরঘাটের শিক্ষামহল। নিজস্ব জায়গাতেই বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর কাজ শুরু করার দাবি আগেই জানিয়েছিলেন বালুরঘাটের শিক্ষক ও অধ্যাপকরা। বিশ্ববিদ্যালয়ের কাজ কেন থমকে, তা জানতে এবার দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের দ্বারস্থ হল তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি জানতে তৃণমূলের জেলা যুব সভাপতি অম্বরিশ সরকার এবং টিএমসিপির জেলা সভাপতি অমরনাথ ঘোষের নেতৃত্বে একটি দল জেলাশাসকের সঙ্গে বৈঠক করে। নিজস্ব জায়গাতেই যাতে বিশ্ববিদ্যালয় তৈরি হয় এবং দ্রুত বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ শুরু হয়, সেই দাবিতে সরব হয়েছে তৃণমূলের দুই সংগঠন। দলের জেলা যুব সভাপতি অম্বরিশ বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা- ইত্যাদি বিষয় নিয়ে জেলাশাসকের সঙ্গে  কথা বলেছি। জমি সমস্যা কোন পর্যায়ে রয়েছে তাও জানতে চেয়েছি। 
Advertisement
বালুরঘাটের হাজিপুরে ১১ একর জমি রয়েছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের জন্য। সেখানে ২ কোটি ৭১ লক্ষ টাকায় প্রাচীরও হয়েছে অনেকদিন আগে। পূর্তদপ্তরের তরফেও ভবন নির্মাণের জন্য এস্টিমেটও তৈরি হয়েছিল। কিন্তু ছয়বছর পরও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়নি। জমিটি এয়ারপোর্টের পাশে হওয়ায় ভবন নির্মাণ হবে কি না, তা নিয়েও একটা ধন্দ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাজ কখনও ভাড়া বিল্ডিংয়ে, আবার কখনও কলেজে চলছে। আপাতত বালুরঘাট বিএড কলেজ একটি ভবন দিয়েছে বিশ্ববিদ্যালয়কে। সেখানেই ক্লাস চলছে। তবে কতদিন এভাবে চলবে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, প্রশ্ন তুলেছেন বালুরঘাটবাসী। জেলাশাসক বিজিন কৃষ্ণা পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা দপ্তর দেখছে।
সম্পর্কিত সংবাদ