সংবাদদাতা, শিলিগুড়ি: দাবায় বিশ্বের দরবারে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করেছেন সম্যক ধারোয়া। সম্প্রতি ব্রাজিলে অনূর্ধ্ব-১৬ বিশ্ব যুব দাবায় পদক না জিতলেও সম্যক ১২৫ পয়েন্ট পেয়ে ১৭তম স্থান পেয়েছেন। ভারতের ১১ জন দাবাড়ু প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সম্যক তাঁদের মধ্যে শীর্ষে রয়েছেন। এই কৃতিত্বের জন্য বুধবার শিলিগুড়ি পুরসভায় ডেকে সম্যককে সংবর্ধনা জানান মেয়র গৌতম দেব। মেয়র বলেন, সম্যক শিলিগুড়ি দাবার আইকন। শহরের খুদে ছেলেমেয়েদের দাবা খেলার অনুপ্রেরণা এখন সম্যক। মেয়র আরও বলেন, শিলিগুড়ি শহরে দাবার প্রসারের জন্য পুরসভা থেকে আমরা আগেই উদ্যোগ নিয়েছি। বিশিষ্ট দাবাড়ু গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়াকে এনে তাঁর পরামর্শ মতো দাবা প্রশিক্ষণের পরিকাঠামো তৈরি করেছি। স্কুলস্তরে দাবার প্রসার ঘটানোর জন্য আমরা এবার স্কুলগুলিকে চিঠি দেব যাতে তাদের ছাত্রছাত্রীদের শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামের পাশে পুরসভার দাবা প্রশিক্ষণ কেন্দ্রে পাঠায়। শুধু দাবা খেলা শেখানোই নয়, আগামী দিনে শিলিগুড়ি শহরে জাতীয়স্তরের দাবা প্রতিযোগিতাও করা হবে বলে এদিন জানান মেয়র গৌতম দেব।
Advertisement
বর্তমানে সম্যকের ফিডে রেটিং ২১৭০। যা উত্তরবঙ্গ ও সিকিমের কোনও দাবাড়ুর নেই। শিলিগুড়ি শহরের বাবুপাড়ার সম্যকের বাড়ি। সম্যক বলেন, দেশের হয়ে পদক জয় ও গ্র্যান্ড হওয়ার লক্ষ্যে আমি প্রস্তুত হচ্ছি।



