Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেশি মজুরির টোপ দিয়ে শ্রমিককে অপহরণ, থানার দ্বারস্থ পরিবার

বেশি মজুরির টোপ দিয়ে শ্রমিককে অপহরণ, থানার দ্বারস্থ পরিবার
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: বেশি মজুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে হায়দ্রাবাদে নিয়ে গিয়ে এক শ্রমিককে অপহরণের অভিযোগ উঠল। পতিরামের দুই ঠিকাদারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। পুলিস সূত্রে খবর, অপহৃত শ্রমিকের নাম সুবল বর্মন। বাড়ি বালুরঘাট শহর লাগোয়া বড় রঘুনাথপুরে। 
Advertisement
পরিবার সূত্রে খবর, ওই ব্যক্তির বাড়িতে স্ত্রী অসুস্থ। শ্রমিকটি দিনমজুরের কাজ করে সংসার চালান। চলতি মাসের সাত তারিখে ওই ব্যক্তির বাড়িতে পতিরামের দু’জন ঠিকাদার আসেন। ভিনরাজ্যে কাজে গেলে মিলবে বেশি মজুরি। শ্রমিকটিকে তারা এই প্রলোভনই দেখান। ৮ তারিখ ভোরে হায়দ্রাবাদের উদ্দেশে বেরিয়ে পড়েন তারা। পরিবারের অভিযোগ, তার দুদিন পর থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। একাধিকবার ফোন করলেও পরিবারের লোকজন তারসঙ্গে যোগাযোগ করতে পারেননি। ওই ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ করলেও তারাও সদুত্তর দেননি। পরবর্তীতে ওই পরিবার আরও জানতে পারে, আরও একজন শ্রমিকেরও একইভাবে খোঁজ মিলছে না। মঙ্গলবার দুপুরে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ শ্রমিকের বোন জ্যোৎস্না বর্মন। তিনি বলেন, বেশি মজুরির প্রলোভন দেখিয়ে ওরা দাদাকে বাইরে নিয়ে যায়। তারপর থেকে আমরা আর দাদার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমাদের মনে হয়, অপহরণ করেছে আমার দাদাকে। তাই পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছি। বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ