Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে ধমক এসডিওর

বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে ধমক এসডিওর
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠল জলপাইগুড়ির মণ্ডলঘাট এলাকার এক সার ব্যবসায়ীর বিরুদ্ধে। আচমকা পরিদর্শনে গিয়ে হাতেনাতে সারের কালোবাজারি ধরে ফেলার পর ওই ব্যবসায়ীকে কড়া ধমক দিলেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। ওই ব্যবসায়ীর নথিপত্র খতিয়ে দেখে কৃষিদপ্তরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। 
Advertisement
জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও মিহির কর্মকারকে নিয়ে শনিবার বোয়ালমারি নন্দনপুর পঞ্চায়েত এলাকায় পানীয় জলের কাজ দেখতে গিয়েছিলেন মহকুমা শাসক। সেখানেই দেখা হয় এক আলু চাষির সঙ্গে। মাথায় করে সারের বস্তা নিয়ে ফিরছিলেন তিনি। এসডিও তাঁর কাছে জানতে চান, কত দামে সার কিনলেন? চাষি জানান, ২১০০ টাকা বস্তা। যা নির্ধারিত দামের থেকে অনেকটাই বেশি। এর পরই চাষির কাছ থেকে সার ব্যবসায়ীর দোকানের ঠিকানা জেনে সেখানে হানা দেন এসডিও। কেন বেশি দামে সার বিক্রি করছেন, তা নিয়ে কড়া ধমক দেন ওই ব্যবসায়ীকে। পরে মহকুমা শাসক বলেন, ওই ব্যবসায়ী বেশি দামে সার বিক্রি করছিলেন। জিজ্ঞেস করায় আমতা আমতা করে উত্তর দেন। ওই ব্যবসায়ীর নথি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে কৃষিদপ্তরকে। আরজি গড়ালবাড়ি এলাকায় পানীয় জল পরিষেবা দেখে সন্তোষ প্রকাশ করেন এসডিও।
সম্পর্কিত সংবাদ