সংবাদদাতা, সিউড়ি: ধানে আর্দ্রতা থাকায় পাঁচ-ছয় কেজি করে ধান বাদ দেওয়ার অভিযোগ তুলছেন চাষিরা। এই অভিযোগে, শুক্রবার মহম্মদবাজারের কিষান মাণ্ডিতে বিক্ষোভ দেখান এলাকার চাষিরা। সেই সঙ্গে চাষিরা মহম্মদবাজার ব্লক কৃষি অধিকর্তা, বিডিও-র কাছেও লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। এদিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই জেলাজুড়ে চাষিদের কাছে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে ধান্য ক্রয় কেন্দ্রগুলিতে। তেমনই মহম্মদবাজার কিষান মাণ্ডিতেও এদিন ধান কেনা চলেছে। কিন্তু সেখানে চাষিদের অভিযোগ, ধানে আর্দ্রতা থাকার কারণ দেখিয়ে কুইন্টাল প্রতি পাঁচ-ছয় কেজি করে ধানের দাম বাদ দেওয়া হচ্ছে। ফলে চাষিরা লোকসানের মধ্যে পড়ছেন বলে তাঁদের অভিযোগ। এলাকার কয়েকজন চাষি স্বপনকুমার সাহা, রঞ্জিত সাহা বলেন, ধানে আর্দ্রতা আছে বা ধান ভিজে রয়েছে, এই কারণ দেখিয়ে আমাদের ধানের প্রতি কুইন্টাল পিছু পাঁচ থেকে ছয় কেজি করে বাদ দেওয়া হচ্ছে। তাতে কারও তিন কুইন্টাল ধান থাকলে তার ১৮ কেজি ধান বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এতে অনেকখানি লোকসানের মুখে পড়তে হচ্ছে আমাদের। তাই সরকারি নির্দেশ মেনে ধানের আর্দ্রতা পরীক্ষা করে ধান কেনা হোক এটাই আমরা চাই। আমরা বিষয়টি নিয়ে কৃষি অধিকর্তা, কিষান মাণ্ডি কর্তৃপক্ষ এবং বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছি। মহম্মদবাজার ব্লকের ব্লক কৃষি আধিকারিক তনুশা বেরা বলেন, ধান কেনার বিষয়টি খাদ্যদপ্তরের অধীনে। আমাদের কাছে চাষিরা একটি লিখিত অভিযোগ জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।



