Bartaman Logo
১০ জুন, ২০২৬

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বড় কূটনৈতিক সাফল্য, রিষড়ার বিএসএফ জওয়ানকে ফেরাল ইসলামাবাদ

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বড় কূটনৈতিক সাফল্য, রিষড়ার বিএসএফ জওয়ানকে ফেরাল ইসলামাবাদ
  • ১৪ মে, ২০২৫ ১২:০৫
Prefer us on Google

কলকাতা: অপারেশন সিন্দুর-এর পর ফের বিরাট সাফল্য ভারতের। আবারও নয়াদিল্লির কূটনৈতিক চালের কাছে মাথানত করতে বাধ্য হল ইসলামাবাদ। যার ফলস্বরূপ ভারতে ফিরল প্রায় ২০ দিন আগে পাকিস্তানি সেনার হাতে আটক রিষড়ার জওয়ান পূর্ণম সাউ। আজ, বুধবার সকালে ফ্ল্যাগ মিটিংয়ের পর সাড়ে ১০টা নাগাদ তাঁকে আটারি সীমান্ত দিয়ে ফেরানো হয়েছে বলে জানানো হয়েছে।

Advertisement

উল্লেখ্য বিষয় হল, প্রায় ২০ দিন আগে পাঠানকোট সীমান্তে ডিউটির সময় আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের অভিযোগে পূর্ণম সাউকে পাকিস্তানি সেনা আটক করে। ভুল করেই আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করেছিলেন তিনি। তবে তারপর থেকেই এই বিএসএফ জওয়ান সম্পর্কে আর কোনও তথ্য তাঁর পরিবার পায়নি বলে দাবি করা হয়। যদিও স্বামীর খোঁজে দেশের নানা প্রান্তে ছুটে গিয়েছিলেন পূর্ণমের স্ত্রী রজনী সাউ। কথা বলেছিলেন একাধিক বিএসএফ কর্তাদের সঙ্গেও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার রজনীর সঙ্গে ফোন মারফত কথা বলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিনি বিএসএফ শীর্ষকর্তাদের সঙ্গে কথা বলেছেন। স্বামী পূর্ণম সুস্থ রয়েছে বলেও রজনীকেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনের পর রজনীদেবী বলেন, ‘দিদির ভালোবাসা সারাজীবন মনে থাকবে। আমি দিল্লি যেতে চেয়েছিলাম। উনি বললেন, আমরা সবরকমের চেষ্টা করছি। তোমার শরীর ঠিক নেই। এখন যেও না। ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে।’ 

আর এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভারতে ফিরেছেন পূর্ণম। তবে এখনই রিষড়া ফেরা হবে না তাঁর। আপাতত সেনার শারিরীক পরীক্ষা ও নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার পর রিষড়ায় ফেরানো হতে পারে বিএসএফ জওয়ানকে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ