Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গাঁজা, ফেনসিডিল পাচার রুখতে গিয়ে আক্রান্ত বিএসএফ, ধৃত ২

রাতে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল পাচারের চেষ্টা। তা রুখতে গিয়ে আক্রান্ত হয় বিএসএফ।

গাঁজা, ফেনসিডিল পাচার রুখতে গিয়ে আক্রান্ত বিএসএফ, ধৃত ২
  • ১৩ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাতে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল পাচারের চেষ্টা। তা রুখতে গিয়ে আক্রান্ত হয় বিএসএফ। যদিও দুষ্কৃতীদের সেই চেষ্টা শেষমেশ সফল হয়নি। শুক্রবার বিএসএফের হাতে গ্রেপ্তার হলেন দুই পাচারকারী। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল। সেগুলি কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতদের নাম শাকিল গাজি ও আসাদুল্লা মল্লিক। ঘটনাটি স্বরূপনগর থানার তারালি সীমান্ত এলাকার। ধৃতদের কাছ থেকে একটি ধারালো অস্ত্রও উদ্ধার হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে স্বরূপনগর ব্লকের তারালি সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচার করার খবর পেয়ে অভিযানে নামেন বিএসএফ জওয়ানরা। তখন কর্তব্যরত এক জওয়ান একাধিক সন্দেহভাজনকে আন্তর্জাতিক সীমান্তের দিকে আসতে দেখেন। তিনি তাঁদের থামাতে চেষ্টা করেন। কিন্তু পাচারকারীরা বিএসএফকে লক্ষ্য করে পাথর ছোড়ে। এমনকী টর্চলাইট জ্বালিয়ে আক্রমণও করে। বাধ্য হয়ে জওয়ান শূন্যে গুলি চালান। এরপর পাচারকারীরা ধারালো অস্ত্র দিয়ে ওই বিএসএফ জওয়ানের উপর হামলা চালান বলে দাবি বিএসএফের। কিন্তু অন্যান্য জওয়ানরা তাঁদের ধাওয়া করেন ও দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে তুলে দেন স্বরূপনগর থানার পুলিসের হাতে। তাঁদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল, ১০ কেজি গাঁজা ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র।

সম্পর্কিত সংবাদ