সংবাদদাতা, বহরমপুর: বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইন্টার ডিস্ট্রিক্ট সিনিওর মেনস ক্রিকেট লিগে সেমিফাইনালে পৌঁছল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন। সোমবার দ্বিতীয় ফেজে সোদপুরের মাঠে মালদহ জেলাকে হারিয়ে সেমি ফাইনালের চৌকাঠ ডিঙালো মুর্শিদাবাদ ডিএসএ। মুর্শিদাবাদ জয় পেতেই খুশির জোয়ারে ভাসল জেলার ক্রিকেট প্রেমীরা। বুধবার উত্তর ২৪পরগনাকে হারাতে পারলেই মুর্শিদাবাদ ফাইনালে পা দেবে।সোমবার বৃষ্টিতে খেলা দেরিতে শুরু হওয়ায় ৪৫ ওভারের ম্যাচ ২১ ওভারে নামিয়ে আনা হয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২১ ওভারে ৭ উইকেট হারিয়ে মুর্শিদাবাদ ডিএসএ ১২৫ রান সংগ্রহ করে। মুর্শিদাবাদের হয়ে ৩২ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন অনিকেত ঘোষ। রান তাড়া করতে মাঠে নেমে ১৮.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে মালদহ ডিএসএ মাত্র ৮৪ রান তোলে। ৪১ রানে জয় পায় মুর্শিদাবাদ। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ী বলেন, বুধবারের ম্যাচ আমাদের কাছে মর্যাদার লড়াই। আশা করছি ট্রফি মুর্শিদাবাদেই আসবে।



