নিজস্ব প্রতিনিধি, আসানসোল: যাত্রীবাহী বাস আটক করে চালক ও খালাসিদের মারধর করার অভিযোগ উঠল পরিবহণ দপ্তরের কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ ঘিরে রবিবার বিকালে শোরগোল পড়ে আসানসোল বাসস্ট্যান্ড চত্বরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাঁচি থেকে আসানসোল হয়ে একটি বাস দুর্গাপুর পর্যন্ত প্রতিদিন যাতায়াত করে। নির্ধারিত সময়েই ঝাড়খণ্ড বাংলা সীমানায় ডুবুরডিহি চেকপোস্ট পার করে বাসটি। এরপরই বাসটি থামানো হয়। যে গাড়ি থেকে আধিকারিকরা নেমে বাসের নথি, চালকের লাইসেন্স দেখতে চায় সেই গাড়িতে ‘আরটিও’ লেখা ছিল। যাত্রীদের অভিযোগ, কাগজ দেখতে দেখতে হঠাৎই চালক ও খালাসিকে মারধর করে গাড়ি থেকে নামিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তখনই প্রতিবাদ করেন যাত্রীরা। যাত্রীদের তীব্র প্রতিবাদের জেরে চালক ও খালাসির মোবাইল ও গাড়ির নথি ছিনিয়ে নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর গাড়িটি আসানসোল বাসস্ট্যান্ড এলে যাত্রী ও গাড়ির চালক-খালাসিরা ক্ষোভে ফেটে পড়েন। যাত্রী বিদ্যুৎ গুপ্ত বলেন, প্রতিদিন এই বাসে যাতায়াত করি। এধরনের হয়রানির শিকার কোনওদিন হইনি। রুটের বাসটিকে প্রায় দু’ঘণ্টা আটকে রেখে যাত্রীদের চরম হয়রানি করানো হয়।
Advertisement
বাসের চালক নেপালচন্দ্র নায়ক বলেন, মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাদের মারধর করা হয়েছে। পরিবহণ শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া বলেন, আমরা লিখিতভাবে এর বিরুদ্ধে অভিযোগ করব।
আসানসোলের আরটিও মৃন্ময় মজুমদার বলেন, ভিনরাজ্যের বাস হওয়ায় তল্লাশি করা হয়েছে। তারজন্য আধঘণ্টা দাঁড়িয়ে ছিল। কোনও মারধরের ঘটনা ঘটেনি।
আসানসোলের আরটিও মৃন্ময় মজুমদার বলেন, ভিনরাজ্যের বাস হওয়ায় তল্লাশি করা হয়েছে। তারজন্য আধঘণ্টা দাঁড়িয়ে ছিল। কোনও মারধরের ঘটনা ঘটেনি।



