Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্রাউন সুগার, হেরোইন পাচারে মালদহে ধৃত ৫, উদ্ধার হওয়া সামগ্রীর মূল্য প্রায় ১.৩ কোটি

ব্রাউন সুগার, হেরোইন পাচারে মালদহে ধৃত ৫, উদ্ধার হওয়া সামগ্রীর মূল্য প্রায় ১.৩ কোটি
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ: বৈষ্ণবনগরে গ্রেপ্তার আন্তঃরাজ্য ব্রাউন সুগার গ্যাংয়ের তিন সদস্য। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল ৭৫৮ গ্রাম হেরোইন সহ একটি চারচাকা। হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৮০ লক্ষ টাকা। পাশাপাশি ৪৮৭ গ্রাম ব্রাউন সুগার সহ দু’জনকে গ্রেপ্তার করেছে ইংলিশবাজার থানা। যার বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।মালদহ জেলার পুলিস সুপার প্রদীপ কুমার যাদব জানান, ব্রাউন সুগার তৈরির কাঁচামাল হেরোইন সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তঃরাজ্য গ্যাংয়ের যোগ পাওয়া যাচ্ছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগার ফারাক্কার দিক থেকে কালিয়াচকে নিয়ে যাওয়া হচ্ছিল। বৈষ্ণবনগর থানার পুলিসকে নিয়ে শনিবার গভীর রাতে যৌথ অভিযানে নামে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং ক্রাইম মনিটরিং গ্রুপ (সিএমজি)। মালদহ-কলকাতা ১২ নম্বর জাতীয় সড়কের ১৮ মাইল এলাকার আশ্রমপাড়ায় দলটি একটি গাড়ি দেখতে পায়। গাড়িটির গতিবিধি দেখে সন্দেহ হলে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিস। চালক সহ গাড়িতে থাকা তিনজন অসংলগ্ন কথাবার্তা বলায় সন্দেহ হয় পুলিসের। তাদের নামিয়ে গাড়ির তল্লাশি নিতেই উদ্ধার হয় সাড়ে সাতশো গ্রাম হেরোইন। 
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃতদের নাম যদু মণ্ডল (৩০), মহম্মদ আলাউদ্দিন শেখ (২৮) ও মহম্মদ শাহাবাজ আনসারি (২৪)। ধৃতদের মধ্যে যদু ও আলাউদ্দিনের বাড়ি কালিয়াচক থানা এলাকার ভোলাইচল এবং দক্ষিণ লক্ষ্মীপুরে। শাহাবাজ ঝাড়খণ্ডের জামশেদপুরের বাসিন্দা। 
ব্রাউন সুগার পাচার কাণ্ডে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিসের হাতে। এর আগে একাধিকবার উত্তর-পূর্ব ভারতের যোগসূত্র পেয়েছে পুলিস। উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল মালদহ আসত। এবার পাশের রাজ্য ঝাড়খণ্ডের যোগ পাওয়া গিয়েছে বলে তদন্তকারীদের সূত্রে খবর। আন্তঃরাজ্য ব্রাউন সুগার চক্র অনেক সময় ব্রাউন সুগার তৈরির জন্য চোরাপথে মালদহে কাঁচামাল সাপ্লাই করে থাকে। সেক্ষেত্রে কালিয়াচকের বিভিন্ন গোপন ডেরায় ব্রাউন সুগার তৈরি করা হয়। ইতিমধ্যে বেশকিছু গোপন ডেরায় হানা দিয়েছে মালদহ জেলা পুলিস। ব্রাউন সুগার তৈরির জন্য মালদহ থেকে শ্রমিকদের ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হচ্ছে বলেও পুলিস সূত্রে খবর। এদিন ইংলিশবাজারে ধৃতদের নাম রহমত আলি ও মহম্মদ কামাল হোসেন। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে বিহারের এক ডিলারের কাছে ব্রাউন সুগার সরবরাহ করা হচ্ছিল।
সম্পর্কিত সংবাদ