দেবজিৎ ঘোষ: অস্কার ব্রুজোঁকে ধিক্কার। এটা কি করলেন স্প্যানিশ কোচ! নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না। আইএসএলের দৌড়ে দারুণভাবে রয়েছে ইস্ট বেঙ্গল। লড়তে তৈরি ফুটবলাররা। উদ্দীপ্ত সমর্থকরাও। বাকি চার ম্যাচ জিতলেই কেল্লাফতে। অথচ এমন গুরুত্বপূর্ণ সময়ে তাল কাটলেন স্বয়ং কোচ। ৩১ মে মরশুম শেষ। স্প্যানিশ কোচ আগেভাগেই জানিয়ে দিলেন, নয়া মরশুমে আর ইস্ট বেঙ্গলে থাকবেন না তিনি। অস্কার পেশাদার। নিজের মর্জির মালিক। কিন্তু লিগের চূড়ান্ত পর্যায়ে এই ঘোষণা কেন? দলের উপর প্রভাব পড়তে বাধ্য। ব্যক্তিগত মত, চাপের মুখে দলকে গাড্ডায় ফেলে পিঠ বাঁচালেন স্প্যানিশ কোচ। মঙ্গলবার মুম্বইয়ের ফুটবল এরিনায় মেগা লড়াই। ফুটবলারদের উদ্বুদ্ধ করার বদলে খোদ কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা একেবারেই যুক্তিহীন। পান থেকে চুন খসলে সমর্থকরা ওকে ক্ষমা করবে না। এরপর রয়েছে পাঞ্জাব এফসি, ডার্বি ও ইন্টার কাশী ম্যাচ। লড়তে হবে শেষ পর্যন্ত। কিন্তু তার আগেই রণে ভঙ্গ সেনাপতির। বলতে দ্বিধা নেই, ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন না হলে দায়ী থাকবেন অস্কারই।



