সংবাদদাতা বেলদা: বাড়ি ফেরার জন্য ট্রেন ধরার তাড়ায় মাঝপথে ক্লাস বন্ধ করে কলেজ ছাড়ছেন অধ্যাপকরা। বেলদা কলেজের এই ঘটনায় অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল কলেজের অধ্যক্ষকে। বিষয়টি নিয়ে বুধবার বর্তমানে সংবাদ প্রকাশিত হয়। আর তারপর কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্ধারিত সময়ে কলেজে থাকার নোটিস জারি করা হয়েছে। নোটিসে বলা হয়েছে কলেজের অধ্যাপকদের সোমবার থেকে শুক্রবার দুপুর ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ও শনিবার এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কলেজে থাকা বাধ্যতামূলক। পাশাপাশি শিক্ষাকর্মীদের সোম থেকে শুক্র সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা ও শনিবার সাড়ে ১০টা থেকে ২টা পর্যন্ত কলেজের মধ্যে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। প্রসঙ্গত, বেলদা কলেজের অধ্যাপকদের একাংশ ট্রেন ধরার তাড়ায় কলেজ ছুটির নির্দিষ্ট সময়ের আগে তড়িঘড়ি বাড়ি ফিরে যেতেন। শুধু তাই নয় দেরি করে ক্লাসেও আসতেন। আর এ নিয়ে অভিভাবকদের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়। অভিভাবকদের পাশাপাশি পড়ুয়াদের দাবি এই ঘটনায় কলেজে ব্যাহত হচ্ছিল পঠনপাঠন। শেষমেষ কলেজের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হয়।



