Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্তমান ও প্রাক্তন বিধায়কের সঙ্ঘাতের জের, আন্ডারপাস নির্মাণের কাজ থমকে

বর্তমান ও প্রাক্তন বিধায়কের সঙ্ঘাতের জের, আন্ডারপাস নির্মাণের কাজ থমকে
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: ফরাক্কার এনটিপিসি মোড়ে প্রস্তাবিত রেলের আন্ডারপাসের কাজ শুরু হওয়ার আগেই বর্তমান ও প্রাক্তন বিধায়কের সংঘাত চরমে উঠেছে। ফলে, আন্ডারপাস নির্মাণের কাজ কার্যত বিশবাঁও জলে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। স্বভাবতই অস্বস্তিতে শাসকদল। এনটিপিসি মোড়ে আন্ডারপাস তৈরি হলে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীদের ক্ষতি হবে। তেমনটাই দাবি করেছেন প্রাক্তন বিধায়ক মইনুল হক। বুধবার সকালে ব্যবসায়ী সমিতি ও বাসিন্দাদের নিয়ে মিটিং করে আন্ডারপাস করতে দেবেন না বলে জানিয়েছেন তিনি। এতদিন উনি এলাকাবাসীর জন্য কিছু করেননি। এলাকার ভালো কাজ করতে দেবেনও না। এটা কিসের ইঙ্গিত বলে প্রশ্ন তুলেছেন বর্তমান বিধায়ক মনিরুল ইসলাম।
Advertisement
তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মইনুল হক বলেন, টাকা দেবে এনটিপিসি। কাজ করবে রেল। সেখানে বিধায়কের এত তাড়া কিসের? সাধারণ মানুষকে বিড়ম্বনায় ফেলে ভোটে জিততেই এতো তৎপর। এটা হতে দেব না। মনিরুল ইসলাম বলেন, কাজ হতে না দেওয়ার উনি কে? এলাকাবাসীর সুবিদার্থে যা যা করণীয় তা করব। উনি ২৫ বছর ক্ষমতায় থেকে কিছু করেননি। পারলে করে দেখান।
জানা গিয়েছে, এদিন সকালে এনটিপিসি মোড়ে স্থানীয় ব্যবসায়ী সমিতি ও বাসিন্দাদের নিয়ে সভা করেন মইনুল হক। সভায় তিনি রেলের আন্ডারপাস নির্মাণ নিয়ে আপত্তি তোলেন। এই এলাকায় আন্ডারপাস তৈরি হলে স্থানীয় ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন হবে। বাজার মার খাবে। ব্যবসার প্রভূত ক্ষতি হবে। তিনি বর্তমান বিধায়ক মনিরুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, ভোটের রাজনীতি করতেই এলাকাবাসীদের বিড়ম্বনায় ফেলে তাড়াহুড়ো করে আন্ডারপাস করার জন্য উঠেপড়ে লেগেছে। এখানে আন্ডারপাস হতে দেব না। তিনি কিছুটা দূরে কেদারনাথ ব্রিজ সংলগ্ন এলাকায় আন্ডারপাস নির্মাণের প্রস্তাব দেন। যদিও প্রাক্তন বিধায়কের কথায় গুরুত্ব দিচ্ছেন না মনিরুল ইসলাম। সেখানে আন্ডারপাস করলে যদি সুবিধা হয় তা হলে এতদিন করেননি কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মনিরুল ইসলাম। তিনি বলেন, ওঁর ক্ষমতা থাকলে ওঁরই প্রস্তাবিত জায়গায় আন্ডারপাস করে দেখান। করতে না পারলে ভালো কাজে বাধা দেওয়ারও কোন যুক্তি নেই। আমি বিধানসভার অধিবেশনের পর এলাকাবাসীকে নিয়ে বসব। এলাকার স্বার্থে যা প্রয়োজন তা সবাইকে নিয়ে আলোচনা করে করব।
যানজট কমাতে ফরাক্কা এনটিপিসি মোড় সংলগ্ন রেললাইনের নীচ দিয়ে একটি আন্ডারপাস তৈরির উদ্যোগ নেয় প্রশাসন। প্রায় সপ্তাহ তিনেক আগে এলাকা পরিদর্শন করে আন্ডারপাসের জন্য জায়গায় ও চিহ্নিত করা হয়। তার পরেই শুরু হয় বর্তমান ও প্রাক্তন বিধায়কের দ্বন্দ্ব। 
সম্পর্কিত সংবাদ