Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বার্থ সার্টিফিকেট পেতে সই নকল করে জাল নথি জমা, ধূপগুড়িতে গ্রেপ্তার ৩

বার্থ সার্টিফিকেট পেতে সই নকল করে জাল নথি জমা, ধূপগুড়িতে গ্রেপ্তার ৩
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ধূপগুড়ি: ধূপগুড়িতে জাল বার্থ সার্টিফিকেট তৈরির চক্র সক্রিয়! টাকা দিলেই মিলছে জন্ম-মৃত্যুর শংসাপত্র। সেই সার্টিফিকেটে থাকছে এসডিও বিডিও’র স্বাক্ষর। তদন্তে নেমে অবশেষে ধূপগুড়ি থানার পুলিসের অভিযানে উঠে এল চাঞ্চল্যকর চক্র। বিভিন্ন প্রশাসনিক কর্তার সই নকল করে বিভিন্ন জাল সার্টিফিকেট তৈরির চক্রের হদিশ পেয়েছে পুলিস। ঘটনায় তিনজন গ্রেপ্তার হয়েছে এখনও। এর মাথায় কারা রয়েছে, খুঁজছে পুলিস। 
Advertisement
তদন্তকারী অফিসারদের সূত্রে জানা গিয়েছে, তিনদিন আগে এক ব্যক্তি তাঁর মেয়ের বার্থ সার্টিফিকেট বের করতে ধূপগুড়ি পুরসভায় আসেন। এজন্য পুরসভায় বিভিন্ন নথিও জমা দেন। কিন্তু পুর অফিসাররা নথি যাচাই করার সময় দেখেন সেসব নথি জাল। এমনকী যে সই রয়েছে তাও ভুয়ো। বিষয়টি জানার পর পুরসভার তরফে পুলিসকে জানানো হয়। ওই ব্যক্তি নিজেও বিষয়টি নিয়ে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর তদন্তে নামে পুলিস। 
পুলিস তদন্তে নেমে ধূপগুড়ি শহরের ১ নম্বর ওয়ার্ডের চাকলাপাড়া থেকে একজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি দু’জনকে গ্রেপ্তার করে। অভিযোগ এরা অর্থের বিনিময়ে বিডিও এসডিও সহ বিভিন্ন প্রশাসনিক ব্যক্তির সই এবং সিল নকল করত। পরবর্তীতে সেই সমস্ত নথি দিয়ে বিভিন্ন সার্টিফিকেট বের করত। পুলিস তিনজনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে। আজ, শুক্রবার আদালতে পেশ করবে বলে জানিয়েছে। সেইসঙ্গে এ ঘটনায় আর কারা যুক্ত সেবিষয়ে খোঁজখবর শুরু করেছে পুলিস। 
ধূপগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিং বলেন, এক ব্যক্তি জাল নথি নিয়ে সার্টিফিকেট পেতে আবেদন জানিয়েছিল। সেটি যাচাই করতেই আসল ঘটনা বেরিয়ে আসে। বিষয়টি নিয়ে পুলিসের অভিযোগ দায়ের করে ওই ব্যক্তিও। পরবর্তীতে তিনজনকে পুলিস গ্রেপ্তার করে। ধূপগুড়ি থানার পুলিস জানিয়েছে, আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ