সংবাদদাতা, মানবাজার: আগুন লেগে ভস্মীভূত হল গৃহস্থের একটি মাটির বাড়ি। মঙ্গলবার রাত্রে ঘটনাটি ঘটে পুরুলিয়ার বোরো থানার ডোমজুড়ি গ্রামে। পুলিস ও দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে ওই গ্রামের যুধিষ্ঠির কুম্ভকারের বাড়িতে আগুন লাগে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভাবার চেষ্টা করে। পরে খবর দেওয়া হয় দমকলে। মানবাজার দমকল অফিসের একটি ইঞ্জিন গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাড়ির বাইরে ছিল ওই বাড়ির লোকজন। হঠাৎ করে একটি বিকট শব্দ শোনা যায়। শব্দ শুনে পরিবারের লোকজন বাড়ির ভিতরে ঢুকে দেখে টিভি আগুনে জ্বলছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে ওই পরিবারের সদস্যরা। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ছুটে আসেন আগুন নেভাতে। ঘটনাস্থলে আসেন বোরো থানার পুলিস। খবর যায় মানবাজার দমকল অফিসে। মানবাজার দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। দমকলের কিছুক্ষণের চেষ্টায় আগুন পুরোপুর নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বাড়ির আসবাবপত্র সহ বৈদ্যুতিক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যায় ঘরের চালাও। একটিমাত্র বাড়ি পুড়ে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন যুধিষ্ঠিরবাবু। যুধিষ্ঠির কুম্ভকারের ছেলে কার্তিক কুম্ভকার বলেন, টাকা পয়সা সোনা দানা বইপত্র জমির কাগজ সমস্ত পুড়ে ছাই হয়ে যায়।



