Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ষশেষে গৌড়বঙ্গে শান্তি বজায় রাখতে কঠোর পুলিস

বর্ষশেষে গৌড়বঙ্গে শান্তি বজায় রাখতে কঠোর পুলিস
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মালদহ: বছর শেষের রাতে কার্নিভাল সহ বিভিন্ন অনুষ্ঠানে উচ্ছৃঙ্খল আচরণ রুখতে কঠোর পুলিস। বিশেষত বিকট আওয়াজ করে দ্রুতগতিতে মোটর বাইক ছোটানো বা মদ্যপ অবস্থায় বেলেল্লাপনা করলেই গ্রেপ্তারের পাশাপাশি মোটা জরিমানার খাঁড়া নেমে আসবে বলে সাফ জানিয়েছেন পুলিস আধিকারিকরা। একই সঙ্গে গৌড়বঙ্গজুড়ে বছরের শেষ দিনে উৎসবের আতিশয্যের সুযোগ নিয়ে অপরাধ চক্র যাতে সক্রিয় না হয়ে উঠতে পারে, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিস কর্তারা। সেজন্য গৌড়বঙ্গ জুড়ে থাকছে নিরাপত্তার একাধিক বলয়। 
Advertisement
মালদহের অতিরিক্ত পুলিস সুপার (হেড কোয়ার্টার) সম্ভব জৈন বলেন, বর্ষশেষে গভীর রাত পর্যন্ত বেশকিছু অনুষ্ঠান থাকে। মালদহেও এমন অনুষ্ঠান রয়েছে অনেকগুলি। আমরা আইনশৃঙ্খলা বজায় রাখতে পদক্ষেপ করা শুরু করেছি। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় থাকবেন সাদা পোশাকের পুলিসকর্মীরা। একই সঙ্গে উইনার্স টিম দিনরাত টহল দেবে বিভিন্ন এলাকায়।
অতিরিক্ত পুলিস সুপারের কথায়, সাইলেন্সারহীন মোটর বাইকের দৌরাত্ম্য রুখতে ধরপাকড় শুরু হয়েছে। ৩১ ডিসেম্বর বাইক চালকদের দৌরাত্ম্য রুখতে থাকছে কড়া ব্যবস্থা। পাশাপাশি মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বিশৃঙ্খলা তৈরির চেষ্টাও কড়া হাতে দমন করা হবে।
বর্ষবরণের রাত ও নতুন বছর উদযাপনের আগে উত্তর দিনাজপুরের দুই পুলিস জেলায় বাড়তি নজরদারি শুরু হয়েছে। একদিকে সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা, অন্যদিকে নারী সুরক্ষার দিকেও নজরদারি থাকবে। রায়গঞ্জের পুলিস সুপার সানা আখতার বলেন, বাড়তি পেট্রোলিং থাকছে। হচ্ছে লাগাতার নাকাচেকিংও। মহিলাদের সুরক্ষায় উইনার্স বাহিনীর টহল চলবে। মদ্যপ চালকদের রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
ইসলামপুরের পুলিস সুপার জবি থমাস বলেন, বর্ষবরণের রাত ও নতুন বছর উদযাপন উপলক্ষ্যে বাড়তি পুলিসি ব্যবস্থাপনা থাকছে। পার্ক সহ পিকনিক স্পটগুলিতে পুলিসি নজরদারি থাকছে। সীমানা এলাকায় নাকা চেকিং, পেট্রোলিং রয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলা সদর শহর বালুরঘাটে নানা জায়গায় আলো দিয়ে সাজানো হয়েছে। অনেক জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বালুরঘাট থানা জনবহুল এলাকা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে কড়া নজরদারির ব্যবস্থা করছে। ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, বিশৃঙ্খলা এড়াতে পুলিস কড়া নজরদারি চালাবে।
সম্পর্কিত সংবাদ