Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ষবরণের রাতে বেপরোয়া বাইক, কালনা, কাটোয়ায় ধরপাকড় 

বর্ষবরণের রাতে বেপরোয়া বাইক, কালনা, কাটোয়ায় ধরপাকড় 
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া ও কালনা: বর্ষবরণের রাতে কাটোয়া, কালনা শহরে নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া বাইকের দাপাদাপি দেখা গেল। পুলিসও কড়া ব্যবস্থা নেয়। কাটোয়ায় ছ’জন বাইক চালককে গ্রেপ্তার করে পুলিস। বাইকগুলি আটক করা হয়। রাতে কেউ মদ্যপ অবস্থায় বন্ধুদের চাপিয়ে ঘুরছিল। কেউ আবার বারে মদ খেয়ে ফিরছিল। কালনায়ও ধরপাকড় চলে। 
Advertisement
নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোয় জেলায় দুর্ঘটনা বাড়ছে। কয়েকদিন আগে গুসকরা শহরে চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনের মৃত্যু হয়। তা সত্ত্বেও হুঁশ ফিরছে না গাড়িচালকদের। কাটোয়া শহরজুড়ে বর্ষবরণের রাতে উদ্দাম গতিতে বাইক নিয়ে দাপাদাপি শুরু হয়। শহরের পানুহাট থেকে বর্ধমান রোডে গলা ভিজিয়ে বর্ষবরণের আনন্দে মেতেছিল বেপোরোয়া বাইক চালকের দল। ট্রাফিক পুলিস তাদের পাকড়াও করে। অল্পবয়সিরা ভিডিও করার জন্য বাইক নিয়ে স্টান্টবাজি করে বলে অভিযোগ। অনেকে মদ্যপ অবস্থায় কেরামতি দেখায়। মডিফায়েড সাইলেন্সার দিয়ে তীব্র আওয়াজ তুলে তা মোবাইলে রেকর্ড করে ভিডিও বানানো হয়। কাটোয়া ট্রাফিক ওসি স্নেহাশিস চৌধুরী নিজে অভিযান চালিয়ে মডিফায়েড সাইলেন্সার খুলে দেন। তিনি জানান, অভিভাবকদের আগে বোঝাতে হবে। এরকম অল্পবয়সে হাতে দামি বাইক রেশ করতে গিয়ে বড়সড় বিপদের সম্মুখীন হতে পারে। 
কালনায়ও বেপরোয়া বাইক ও গাড়ি চালানোর বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালায় পুলিস। কালনা মহকুমায় প্রায় ৫০জন বাইক আরোহীকে পুলিস গ্রেপ্তার করে। হেলমেট না পরে বাইক চালানোয় ২০জনকে জরিমানা করা হয়। এছাড়াও কালনা শহরে বেপরোয়াভাবে গাড়ি চালানোর দু’টি বালিভর্তি ট্রাক আটক করে পুলিস। 
গত মাস দুয়েকে এসটিকেকে রোডে পৃথক তিনটি দুর্ঘটনায় ৯জন বাইক আরোহীর মৃত্যু হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল না। সেকারণে বর্ষবরণের রাতে নেশাগ্রস্তদের বাগে আনতে কালনা মহকুমাজুড়ে ধরপাকড় চালায় পুলিস। ব্রিদ অ্যানালাইজারে পরীক্ষা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসটিকেকে রোড, লিঙ্ক রোড সহ শহরে অভিযান চালিয়ে ১৫জন মত্ত বাইক চালক, নাদনঘাট থানার পুলিস ১৮জন, পূর্বস্থলী থানার পুলিস ১০জন ও মন্তেশ্বর থানার পুলিস দু’জনকে গ্রেপ্তার করে। কালনার এসডিপিও রাকেশকুমার চৌধুরী বলেন, বেপরোয়া, মদ্যপ ও হেলমেট না পরে বাইক চালানো আরোহীদের বিরুদ্ধে অভিযান চলছে। বেশ কিছু মদ্যপ বাইক আরোহীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলবে।
সম্পর্কিত সংবাদ