Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ষবরণের রাতে বেলেল্লাপনা, জেলাজুড়ে গ্রেপ্তার ১৫

বর্ষবরণের রাতে বেলেল্লাপনা, জেলাজুড়ে গ্রেপ্তার ১৫
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বর্ষবরণের রাতে পিকনিকের আনন্দ উল্লাসের মধ্যেও বেলেল্লাপনা, মদ খেয়ে গাড়ি, বাইক চালানোর মতো কিছু অবাঞ্ছিত ঘটনা এড়ানো গেল না। স্বাভাবিকভাবে উত্তর দিনাজপুর জেলার পুলিসও দফায় দফায় ব্যবস্থা নিল। বড় কোনও অঘটন না ঘটলেও অভব্য আচরণ, মারপিট ইত্যাদির জন্য জেলাজুড়ে এক রাতে গ্রেপ্তার হয়েছে ১৫ জন। বেপরোয়া বাইক চালানোর অভিযোগে লক্ষাধিক টাকা জরিমানা করল উত্তর দিনাজপুরের দুই পুলিস জেলা রায়গঞ্জ ও ইসলামপুর। 
Advertisement
২৫ ডিসেম্বর থেকে দুই পুলিস জেলায় নজরদারি বাড়ানো হয়েছিল। পার্ক, উদ্যান, শপিংমল, আব্দুলঘাটার মতো পিকনিক স্পটগুলিতে মোতায়েন করা হয় বাড়তি বাহিনী। বাড়িয়ে দেওয়া হয় পেট্রলিং। ময়দানে নামানো হয় মহিলাদের সুরক্ষায় বিশেষভাবে নিয়োজিত উইনার্স টিম ও পিঙ্ক মোবাইল ভ্যানগুলিকেও। 
রায়গঞ্জ থানা সূত্রে খবর, বর্ষবরণের রাতে ১০ জনকে পুলিস আগাম সতর্কতামূলকভাবে গ্রেপ্তার করেছে। এরমধ্যে প্রকাশ্যে অভব্য আচরণ, মদ্যপ অবস্থায় বচসা, মারপিটের মতো ঘটনায় অভিযুক্ত রয়েছে। রায়গঞ্জের পুলিস সুপার সানা আখতার বলেন, বছর শেষের রাতে মোট ১১ জনকে আমরা গ্রেপ্তার করেছি। মদ খেয়ে গাড়ি চালানোর দায়ে ৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিক আইন ভঙ্গ করার দায়ে গাড়িচালকের ৯৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ইসলামপুরের পুলিস সুপার জবি থমাস বলেন, সর্বত্র পুলিসের নজরদারি ছিল। তাতে আগাম সতর্কতামূলকভাবে বেশ কিছু গ্রেপ্তারি হয়েছে। মদ্যপ গাড়ি চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ