নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বর্ষবরণের রাত যেন অকাল দীপাবলি। নদীয়া জেলাজুড়েই শব্দবাজির তাণ্ডব চলল। স্বাভাবিকভাবেই বছর শুরুর রাতেই জেলার বায়ুদূষণ মাত্রা ছাড়াল। বুধবার গভীর রাতে বায়ুদূষণের মাত্রা ছিল ৩০০-এর উপরে। যা বিপজ্জনক হিসেবেই ধরা হয়। যা দেখে পরিবেশবিদদের দাবি, বিষবায়ু নিয়েই বর্ষবরণ করল জেলাবাসী। উল্লেখ্য, দূষণের মাত্রা ১০০ অতিক্রম করলেই তা খারাপ হিসেবে ধরা হয়। বায়ু দূষণের পাশাপাশি শব্দ দূষণেও এবার অতীতের রেকর্ড ভেঙেছে বলে অনেকে দাবি করছেন। ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই রীতিমতো শব্দবাজির তাণ্ডব শুরু হয়। রাতের আকাশ আলোয় ভরে ওঠে। যা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, পুলিসের এত ধরপাকড়ের পরেও কী করে এত পরিমাণ শব্দবাজি মজুত ছিল?



