Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্শা নিক্ষেপে রাজ্যে তৃতীয় তিলন হাইস্কুলের হীরেন

বর্শা নিক্ষেপে রাজ্যে তৃতীয় তিলন হাইস্কুলের হীরেন
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তপন: অনূর্ধ্ব-১৯ দলে রাজ্যস্তরে বর্শা নিক্ষেপে তৃতীয় হয়েছেন তপনের তিলন হাইস্কুলের ছাত্র হীরেন বর্মন। গত ১৯ অক্টোবর কলকাতার সল্টলেকে অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-১৯ বর্শা নিক্ষেপ প্রতিযোগিতা। সেখানে দক্ষিণ দিনাজপুর জেলার হয়ে অংশ নেন হীরেন। ৩৬ জন প্রতিযোগীর মধ্যে থেকে হীরেন ছিনিয়ে নেন তৃতীয় স্থান। বছর পাঁচেক পর স্কুল থেকে কোনও ছাত্র রাজ্যস্তরে ফের নজির গড়ায় খুশির হাওয়া স্কুল সহ ব্লকজুড়ে। 
Advertisement
তপন ব্লকের আউটিনা গ্রাম পঞ্চায়েতের তিলনের বাসিন্দা গোবিন্দ বর্মনের ছেলে হীরেন। তিলন হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র থাকাকালীন স্কুলে বর্শা নিক্ষেপে প্রথম হয়। ব্লকস্তরে প্রথম হয়ে মাস ছয়েক আগে জেলাতেও প্রথম হন হীরেন। এরপর রাজ্যস্তরের প্রতিযোগিতায় সুযোগ হয় হীরেনের। গত ১৯  অক্টোবর কলকাতার সল্টলেকেও তৃতীয় স্থান লাভ করেন। কলকাতা থেকে ফেরার পর স্কুল কর্তৃপক্ষ হীরেনকে সংবর্ধনা দেয়। 
হীরেন বলেন, স্কুলের টিআইসি বৈদ্যনাথ টুডু, শিক্ষক রাকেশকুমার বড়া, ক্রীড়া শিক্ষক অজিত রায় ভীষণভাবে সহযোগিতা করেছেন। আগামী দিনে দেশের হয়ে খেলতে চাই। বর্তমানে কলেজের প্রথম বর্ষের পড়ুয়া হীরেন। তাঁর স্বপ্ন, আগামীতে ওলিম্পিক্সে অংশ নেওয়া। তিলন হাইস্কুলের সহকারী শিক্ষক তমাল দাস বলেন, আমাদের স্কুল থেকে এর আগেও রাজ্যস্তরে পুরষ্কার পেয়েছে। ওই কৃতীরা এখন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। প্রায় পাঁচবছর পর ফের পুরষ্কার পাওয়ায় আমরা সবাই খুশি। হীরেনের বাবা গোবিন্দ বলেন, আগামীতে ছেলে আরও ভালো খেলুক, তার স্বপ্ন পূরণ হোক। সেজন্য আমরা ওর পাশে আছি।
মেডেল ও সার্টিফিকেট হাতে হীরেন বর্মন।-নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ