মস্কো: প্রয়াত কিংবদন্তি দাবাড়ু বরিস স্প্যাসকি। বয়স হয়েছিল ৮৮। ১৯৭২ সালে আমেরিকার ববি ফিশারের বিরুদ্ধে ‘শতাব্দীর সেরা ম্যাচ’ হিসেবে চিহ্নিত লড়াইয়ে অংশ নিয়েছিলেন এই রুশ দাবাড়ু। সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতির বিচারে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল তাঁদের দ্বৈরথ। তবে জিততে পারেননি স্প্যাসকি। পরাজয়কে তিনি যেভাবে গ্রহণ করেছিলেন, তা পরবর্তীকালে হয়ে উঠেছিল উদাহরণ। সর্বকালের অন্যতম সেরা দাবাড়ু বলে মনে করা হয় তাঁকে। ১৯৬৯ থেকে ১৯৭২ পর্যন্ত স্প্যাসকিই ছিলেন বিশ্বচ্যাম্পিয়ন। বৃহস্পতিবার মস্কোয় তাঁর মৃত্যু হয়। আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (ফিডে) জেনারেল ডিরেক্টর স্প্যাসকির প্রয়াণের খবর জানান। তাঁর মৃত্যুতে দাবা মহলে নেমে আসে শোকের ছায়া। তাঁকে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ, ভ্লাদিমির ক্রামনিকরা। রাশিয়ান চেস ফেডারেশনের প্রেসিডেন্ট বলেন, ‘প্রজন্মের পর প্রজন্ম ধরে দাবাড়ুরা স্প্যাসকির খেলা নিয়ে গবেষণা করেছেন। তা থেকে শিক্ষা নিয়েছেন। তাঁর প্রয়াণ দেশের কাছে মস্ত বড় ক্ষতি।’ উল্লেখ্য, স্প্যাসকিই ছিলেন জীবিত প্রবীণতম বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। ১৯৩৭ সলে লেনিনগ্রাদে জন্ম হয়েছিল তাঁর। ছেলেবেলাই দাবায় স্প্যাসকির প্রতিভা নজর কাড়ে সবার। তিনি গ্র্যান্ডমাস্টার হন মাত্র ১৮ বছর বয়সে।



