Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধাননগরে ২ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার মণিপুরের দুই

বিধাননগরে ২ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার মণিপুরের দুই
  • ৩১ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

সংবাদদাতা, নকশালবাড়ি: মাদক বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল দার্জিলিং জেলা পুলিস। বাজেয়াপ্ত করা হয়েছে কোটি টাকার মাদক। গ্রেপ্তার হয়েছে মণিপুরের দুই যুবক। শুক্রবার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের মুরালিগঞ্জে সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালায় পুলিস। তাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদক। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ সাবির খান ও মহম্মদ মুস্তাফ আলি। এরা দু’জনই মণিপুরের থৌবালের বাসিন্দা। 

Advertisement

বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিস সূত্রে জানা গিয়েছে, সন্দেহজনক অসম নম্বরের একটি ছোট গাড়ি আটক করে তল্লাশি চালালে গাড়ির ভিতর থেকে প্রায় ২ কেজি ৩৭৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। উদ্ধার করা মাদকের বাজার মূল্য প্রায় দু’কোটি টাকা। প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, উদ্ধার মাদক মণিপুর থেকে শিলিগুড়িতে আনা হয়েছিল। আজ, শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তুলবে পুলিস। 
বিধাননগর তদন্তে কেন্দ্রের এক অফিসার বলেন, ভারতের যুব সম্প্রদায়কে মাদকাসক্ত করে দেশকে দুর্বল করতে অনেকে লেগে পড়েছে। যা বিদেশি শক্তির মদতে চলে। তাতে বিশেষ করে সীমান্ত এলাকায় মাদক ব্যবসা ছড়িয়ে দেওয়া হচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলের যুব সম্প্রদায়কে নেশাগ্রস্ত করে ভারতকে দুর্বল করার পরিকল্পনা রয়েছে। নেশায় আসক্ত করে যুবকদের হাতে আগ্নেয়াস্ত্র ধরিয়ে দেওয়া কিংবা প্যাডলার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে ধৃতরা অপারেশন ডি’র সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিস। জেলার অতিরিক্ত পুলিস সুপার অভিষেক রায় বলেন, ধৃতরা মাদক নিয়ে মণিপুর থেকে গুয়াহাটি হয়ে শিলিগুড়িতে আসে। বাজেয়াপ্ত মাদকের বাজার মূল্য দুই কোটি টাকা। ধৃতদের পুলিস হেফাজতে নিয়ে পরবর্তী তদন্ত শুরু করা হবে।   নিজস্ব চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ