Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রেমিকাকে ছাড়তে নারাজ ভাই রাগে ভোজালি দিয়ে কোপাল দাদা

ভাইয়ের প্রেমিকাকে ভালো লেগে গিয়েছিল দাদার। ভাইকে লুকিয়ে তরুণীকে মাঝেমধ্যে ফোন-মেসেজ করতেন।

প্রেমিকাকে ছাড়তে নারাজ ভাই রাগে ভোজালি দিয়ে কোপাল দাদা
  • ১৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাইয়ের প্রেমিকাকে ভালো লেগে গিয়েছিল দাদার। ভাইকে লুকিয়ে তরুণীকে মাঝেমধ্যে ফোন-মেসেজ করতেন। কিন্তু উল্টে দিক থেকে সাড়া মেলেনি। ব্যর্থ হয়ে ক্ষিপ্ত দাদা চাইছিল, ভাই ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করুক। তাঁদের বাড়িতে তরুণীর সঙ্গে লিভ ইনে থাকা বন্ধ হোক। প্রেমিকার প্রতি এই ধরনের আচরণ মেনে নিতে পারেননি  জার্মানি থেকে পড়াশোনা করে আসা উপল মুখোপাধ্যায় (২৯)। দাদাকে এই ধরনের আচরণ করতে নিষেধও করেন। তাই নিয়ে গোলমাল বাঁধে দুই ভাইয়ের। আচমকাই বৃহস্পতিবার ভোরবেলা ভাইয়ের ঘরে ঢুকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠেছে দাদা উৎসব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে লেক থানা এলাকার প্রিন্স আনোয়ার শা রোডে। উপলবাবুর পেটে মারাত্মক আঘাত রয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। উৎসবের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে তাঁকে গ্রেফতার করেছে থানা।

Advertisement

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, উপলবাবুদের পৈতৃক ব্যবসা রয়েছে। অভিযুক্ত দাদা উৎসব লন্ডন থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনা করেছেন।   প্রযুক্তি সংক্রান্ত একাধিক বিষয়ের উপর জার্মানির ডিগ্রি রয়েছে উপলের। শহরে ফিরলেও দুই ভাইয়ের কেউই বড় ধরনের কাজকর্ম করতেন না। বছর পাঁচেক আগে উপল এক তরুণীর সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্কে জড়ান। ঘনিষ্ঠ হওয়ার পর ওই বাড়িতে লিভ ইন করতে শুরু করেন। তখন থেকেই ওই তরুণীর প্রতি আকর্ষিত হন উৎসব। এমনকি প্রেম নিবেদনও করেন ওই তরুণীকে। সাড়া না মেলায় তিনি ধর্ষণের চেষ্টাও করেছিলেন বলে লেক থানায় অভিযোগ করেন ভাইয়ের গার্লফ্রেন্ড। এখান থেকেই দুই ভাইয়ের মধ্যে গোলমাল শুরু হয়। উৎসবের উৎপাতে তরুণী নিজের বাড়িতে ফিরে  যান। সেখানে গেলেও তাঁকে ফোন করে প্রেম নিবেদনের চেষ্টা করত অভিযুক্ত দাদা। তাতে পাত্তা না পেয়ে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন উৎসব। এরমাঝে উপল প্রেমিকার সঙ্গে অন্যত্র থাকছিলেন। সম্প্রতি তিনি বাড়ি এসে থাকতে শুরু করলে, ফের অশান্তি শুরু করেন উৎসব। প্রতিদিনই ওই তরুণীকে নিয়ে দু’ভায়ে ঝামেলা হত। ভাইয়ের অভিযোগ ছিল, দাদা তাঁর গার্ল ফ্রেন্ডকে বিরক্ত করছেন। অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠাচ্ছেন। বুধবার রাতে তাঁদের মধ্যে তুমুল গোলমাল হয়। দুই ভাই আলাদা আলাদা ঘরে শুয়ে পড়েন। আচমকাই বৃহস্পতিবার ভোরে ভাইয়ের ঘরে ছুরি নিয়ে ঢুকে পড়েন দাদা। উপলবাবুর পেট সহ শরীরের বিভিন্ন জায়গায় কোপাতে শুরু করেন। তিনি চিৎকার করে উঠলে তাঁদের মা ছুটে আসেন। এরই মাঝে উৎসব পালিয়ে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দেন। প্রতিবেশীরা এসে উপলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পুলিশ এসে উৎসবকে গ্রেফতার করে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ