Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাত্র চার আঙুল জমি নিয়েই বিবাদ, দাদার মারে নিহত ভাই

মাত্র চার আঙুল জায়গা নিয়ে বিবাদ। তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল অশান্তি। শুক্রবার দু’পক্ষের বিবাদ চরমে ওঠে।

মাত্র চার আঙুল জমি নিয়েই  বিবাদ, দাদার মারে নিহত ভাই
  • ২৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মাত্র চার আঙুল জায়গা নিয়ে বিবাদ। তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল অশান্তি। শুক্রবার দু’পক্ষের বিবাদ চরমে ওঠে। তখনই ইট ও বাঁশ দিয়ে পিটিয়ে তুতো ভাইকে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। পুলিস জানিয়েছে, মৃতের নাম হারাধন মণ্ডল (৩৩)। তাঁকে খুন করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দাদা পার্থ ও বউদি চম্পা মণ্ডল। গুরুতর জখম হারাধনের মা লক্ষ্মী ও বাবা দেবদাস মণ্ডল বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে মাটিয়ার কচুয়া পঞ্চায়েতের করুলিয়া এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, পার্থ ও হারাধনরা তুতো ভাই। ইলেকট্রিক আর্থিংয়ের বক্স বসানোর জন্য মাত্র চার আঙুল জায়গা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি মেটানোর আশ্বাসও দিয়েছিলেন। এনিয়ে দু’পক্ষকে নিয়ে একাধিকবার বৈঠকও হয়। কিন্তু লাভ কিছু হয়নি। শুক্রবার রাতে ফের দু’পক্ষের মধ্যে অশান্তি হয়। তখন পার্থ আচমকা হারাধনের উপর চড়াও হন। বাঁশ নিয়ে হারাধনের মাথায় সজোরে আঘাত করেন তিনি। শুধু তাই নয়, তাঁর বাবা ও মাকেও মারধর করেন পার্থ ও তার পরিবারের লোকজন। পরে, তিনজনকে ধান্যকুড়িয়া হাসপাতালে নিয়ে গেলে হারাধনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের স্থানান্তরিত করা হয়েছে বারাসত মেডিক্যাল কলেজে।
ঘটনার পরেই অভিযুক্ত পার্থ ও স্ত্রী চম্পা ট্রেন ধরে পালানোর চেষ্টা করেন। মাটিয়া থানার পুলিস গিয়ে তাঁদের বাড়ি থেকে কিছুটা দূরে, একটি মাঠ থেকে গ্রেপ্তার করে। এনিয়ে স্থানীয় বাসিন্দা রামপ্রসাদ মণ্ডল বলেন, ভাইয়ে-ভাইয়ে চার আঙুল জায়গা নিয়ে অশান্তি চলছিল। শুক্রবার রাতেও এনিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যের সঙ্গে আলোচনা হয়। কিন্তু তারমধ্যেই এই ঘটনা। এদিকে মাটিয়া থানার পুলিস জানিয়েছে, জমি নিয়ে বিবাদের জেরে খুনের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  হারাধন মণ্ডল। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ