মাঝরাতে গঙ্গায় স্নান করতে নেমে ডুবে মৃত্যু ভাইয়ের, বাঁচাতে গিয়ে নিখোঁজ দাদা, পানিহাটিতে শোকের ছায়া
  • ১৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: শনিবার মধ্যরাতে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল ভাই। তাকে বাঁচাতে গঙ্গায় ঝাঁপ দেন দাদাও। পরিণতি হল আরও মর্মান্তিক। কয়েকজন বন্ধুর সামনেই গঙ্গায় তলিয়ে গেলেন দুই ভাই। রবিবার সন্ধ্যা পর্যন্ত এক ভাইয়ের দেহ উদ্ধার হলেও অপর জন নিখোঁজ। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম অনুরাগ পাল (২৭)। নিখোঁজ দাদার নাম আদিত্য পাল। পানিহাটির ত্রাণনাথ ঘাটের এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। পুলিস জানিয়েছে, নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। 

Advertisement

মৃত অনুরাগ পরিবারের সঙ্গে খড়দহের মোড়লপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। আদতে তাঁরা উত্তরপ্রদেশের বাসিন্দা। অনুরাগ ও তাঁর দাদা সহ মোট চার যুবক ও এক যুবতী শনিবার রাত দু’টো নাগাদ পানিহাটি ত্রাণনাথ গঙ্গার ঘাটে এসেছিলেন। খড়দহের দিক থেকে এসে তাঁরা গঙ্গার ঘাটে বেশ কিছু সময় বসেছিলেন। পুলিসের দাবি, তাঁরা নেশা করেছিলেন। তারপর মধ্যরাতে গঙ্গায় স্নান করতে নেমেছিলেন। স্নান করার পর আদিত্য সহ বাকিরা পাড়ে উঠে আসেন। কিন্তু অনুরাগ তখনও স্নান করছিলেন। এরপর আচমকাই তিনি তলিয়ে যেতে শুরু করেন। ভাইকে তলিয়ে যেতে থেকে আদিত্য গঙ্গায় ঝাঁপ দেন। কিন্তু ভাইকে উদ্ধারের পরিবর্তে তিনিও তলিয়ে যেতে থাকেন। জোয়ারের তোড়ে দুই ভাই মুহূর্তে তলিয়ে যান। তাঁদের একসঙ্গে তলিয়ে যেতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে বাকি যুবক-যুবতীরা। চিৎকার শুনে ঘুম থেকে উঠে আশপাশের বাসিন্দারা ঘাটে দৌড়ে আসেন। খবর দেওয়া হয় খড়দহ থানায়। স্থানীয়রা চেষ্টা করলেও রাতের অন্ধকারে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করা যায়নি। 
রবিবার সকাল থেকেই দুই ভাইয়ের খোঁজে গঙ্গায় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ডুবুরিদের নামানো হয়। এরপর গঙ্গার ঘাটের কাছ থেকে অনুরাগের দেহ উদ্ধার হলেও সন্ধ্যা পর্যন্ত তাঁর দাদা আদিত্যর কোনও খোঁজ পাওয়া যায়নি। একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে এলাকাবাসী শোকস্তব্ধ। শোকে মূহ্যমান পাল পরিবার। তাঁরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। রাতে ঘটনাস্থলে থাকা যুবক ও যুবতীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
এই ঘটনায় রাতের গঙ্গার ঘাটের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এইসব প্রাচীন ঘাটে রাতে পুলিসি নিরাপত্তা থাকে না। রাত যত বাড়ে বহিরাগতদের আনাগোনাও বাড়ে। বহিরাগতরা নদীর পাড়ে নেশার আসর বসায়। তাদের মধ্যে মাঝেমধ্যে ঝামেলা বাধে। তারপরও পুলিসের কোনও হুঁশ থাকে না। অবিলম্বে গঙ্গার ঘাটগুলিতে রাতে পুলিসি নজরদারি বাড়ানোর দাবি উঠেছে।
অন্যদিকে, রবিবারের দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল সপ্তম শ্রেণির পড়ুয়ার। কলকাতার রিজেন্ট পার্ক থানার মহেশপুকুরের ঘটনা। মৃতের নাম সুমন মণ্ডল (১৫)। নরেন্দ্রপুর থানা এলাকার রেনিয়ার বাসিন্দা ওই কিশোর। সে সাঁতার জানত না।