সংবাদদাতা, বনগাঁ: সকালে বাবার সঙ্গে বসে খাওয়া-দাওয়া করেছিল ভাই-বোন। এক টুকরো খাবার নিয়ে মায়ের মুখেও দিয়ে দিয়েছিল বছর চারের ছোট্ট সিদ্ধার্থ। এরপর স্কুলে যেতে হবে বলে নদীতে স্নান করতে গিয়েছিল এক বছরের বড় দিদি অঙ্কিতার সঙ্গে। মাকে বলে গিয়েছিল, স্নান করে আসছি। কিন্তু আর ফেরা হল না ভাই-বোনের। নাওভাঙা নদীতে ডুবে মৃত্যু হল দু’জনের। মৃতদের নাম অঙ্কিতা মণ্ডল (৫) ও সিদ্ধার্থ মণ্ডল (৪)। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পেট্রাপোল থানার নরহরিপুর পারুইপাড়ায়। সেখানকার বাসিন্দা সুজয় ও সঙ্গীতা মণ্ডলের সন্তান অঙ্কিতা, সিদ্ধার্থ। অঙ্কিতা স্থানীয় কেজি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। ভাই সিদ্ধার্থ ছিল অঙ্গনওয়াড়ির পড়ুয়া। তাদের এমন মৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। তাঁরা শোকাচ্ছন্ন। বাড়ির পাশে একটি কলে রোজ স্নান করত দু’জনে। কিন্তু এদিন খাওয়া শেষে মা স্নানে যাচ্ছি, বলে দৌড়ে চলে যায় তারা। বেশ কিছুক্ষণ পর নদী থেকে ভাই, বোনকে উদ্ধার করা হয়। তাদেরকে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর দু’জনের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।



