সংবাদদাতা, কাঁথি: মহাকুম্ভ থেকে ফিরছিলেন। সেখান থেকে কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে যাওয়ার পথে অটো দুর্ঘটনায় মৃত্যু হল পটাশপুরের বাসিন্দা এক প্রৌঢ়ের। মৃতের নাম মন্টু প্রধান(৫৮)। তাঁর বাড়ি পটাশপুরের কুতুবপুর এলাকায়। ওই ঘটনায় মন্টুবাবুর সঙ্গে থাকা আরও পাঁচজন অটোযাত্রী জখম হন। তাঁদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা পর ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, শিবরাত্রিতে মহাকুম্ভে স্নানের জন্য মঙ্গলবার পটাশপুরের সিংদা বাজার থেকে বাসে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে প্রয়াগরাজ গিয়েছিলেন মন্টুবাবু। প্রয়াগরাজ থেকে শুক্রবার রামমন্দির দর্শনের পর তাঁদের গাড়ি কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশে রওনা দেয়। শনিবার দুপুরে যানজটের কারণে বিশ্বনাথ মন্দির থেকে প্রায় পাঁচ কিলোমিটার আগে গাড়ি পার্কিং করা হয়। বিকেলে মন্টুবাবু ও আরও পাঁচজন বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য অটোয় চেপে বসেন। যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার অটোয় ধাক্কা মারে। ছিটকে পড়েন যাত্রীরা। স্থানীয় লোকজন সকলকে উদ্ধার করেন হাসপাতালে পাঠান। গুরুতরভাবে জখম মন্টুবাবুকে ভর্তি করার পরই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, পটাশপুর থানার পুষা গ্রামে বাড়ি থেকে এক নাবালিকা বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিস জানিয়েছে, মৃতার নাম রেবতী ঘোড়াই(১৭)। রবিবার বিকেলে বাড়িতে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।



