সংবাদদাতা, কালনা: রবিবার পূর্বস্থলী-১ ব্লকে ২৫তম লোকসংস্কৃতি উৎসব ও হস্তশিল্প, কৃষি, প্রাণিসম্পদ ও আদিবাসী মেলার উদ্বোধন হল। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক আয়েশা রানি এ, পুলিস সুপার সায়ক দাস, অভিনেত্রী অঙ্কিতা মল্লিক প্রমুখ। মেলার প্রথম দিন বিদ্যানগর মোড় থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা ও মেলা প্রাঙ্গণে কয়েক হাজার মানুষের ভিড় সামাল দিতে পুলিস কর্মীদের হিমশিম খেতে হয়। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে।
Advertisement
২৫বছর আগে লোকসংস্কৃতি, হস্তশিল্প, কৃষি, প্রাণিসম্পদ ও আদিবাসীদের মেলা শুরু করেন এলাকার ভূমিপুত্র মন্ত্রী স্বপনবাবু। সূচনার সময় তিনি মন্ত্রী ছিলেন না। মানুষের সহযোগিতা ও উৎসাহকে সম্বল করে আর্থিক অনটনের মধ্যেও মেলা এগিয়ে নিয়ে যান। এখন মেলা বৃহত্তর আকারে হচ্ছে। এলাকার ইউনাইটেড, ভবতারিণী রায় উচ্চ বিদ্যালয় ও শ্রীরামপুর যুব সঙ্ঘের মাঠে মেলা বসে। তিনটি মাঠে হস্তশিল্প, কৃষি, প্রাণি সহ প্রায় ২০০টি স্টল রয়েছে। বিভিন্ন মেলা বা উৎসবে দোকানদারদের কাছ থেকে স্টল ভাড়া নেওয়ার অভিযোগ উঠলেও এই মেলায় প্রত্যেকে বিনামূল্যে স্টল পান। তার জন্য কোনও টাকা দিতে হয় না। উপরন্তু স্টল মালিক বিক্রেতাদের বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা থাকে। উৎসবের আটদিন বিভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। নারী ও শিশু দিবস, শ্রমজীবী দিবস, স্বনির্ভরতা দিবস, আদিবাসী ও কবিতা দিবস, প্রাণিসম্পদ দিবস, ছাত্র দিবস ও শেষ দিন কৃষিদিবস হিসেবে পালন করা হবে। প্রতিদিন থাকছে ছৌনাচ সহ রাজ্যের বিভিন্ন সংস্কৃতির অনুষ্ঠান। বিহু সহ ভিনরাজ্যের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।



