ইস্তানবুল: বিতর্ক যেন তাঁর ছায়াসঙ্গী। ফুটবল মাঠে প্রশিক্ষক হিসেবে যতটা সফল হোসে মরিনহো, ঠিক ততটাই বিতর্কিত তাঁর আচরণ। এই কারণে দীর্ঘ কেরিয়ারে একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে পর্তুগিজ কোচকে। এবার তাঁর বিরুদ্ধে উঠল বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ। বর্তমানে তুরস্কের ক্লাব ফেনেরবাখের দায়িত্বে ‘দ্য স্পেশাল ওয়ান’। সোমবার গালাতাসারের বিরুদ্ধে ম্যাচ শেষে রেফারি ও প্রতিপক্ষ ফুটবলারদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করেন মরিনহো। আর তারপরেই গোটা বিষয়টা নিয়ে উয়েফা ও ফিফার কাছে অভিযোগ জানায় গালাতাসারে। শুধু তাই নয়, পর্তুগিজ কোচের বিরুদ্ধে ফৌজদারি মামলা করারও হুমকি দিয়েছে তারা। মরিনহো অবশ্য যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর মন্তব্য, ‘আমি ম্যাচ শেষে রেফারিকে শুধু বলেছিলাম যে, ম্যাচ পরিচালনা দারুণ হয়েছে। তুরস্কের বাইরে কেউ যদি এই ম্যাচ দেখে থাকে, শুধু রেফারিং দেখার জন্যই তাঁকে জাগতে হবে! এরপর চতুর্থ রেফারিকে বলি, উনি ম্যাচ পরিচালনা করলে আরও খারাপ হতে পারত।’



