সংবাদদাতা, রামপুরহাট: ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে প্রয়াত হলেন মুরারই-১ পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রমেশ রাজবংশী(৪০)। তাঁর বাড়ি মুরারই-১ ব্লকের গোঁড়শা পঞ্চায়েতের ডালিম্বা গ্রামে। তৃণমূলের জন্মলগ্ন থেকেই তিনি দলের সঙ্গে যুক্ত ছিলেন। বছর দেড়েক ধরে তিনি ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। মাসখানেক আগে তাঁকে কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। গত রবিবার সেখান থেকে নিয়ে এসে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক তাঁকে সিসিইউতে স্থানান্তরিত করেন। রবিবার দুপুর দেড়টা নাগাদ সেখানেই রমেশবাবুর মৃত্যু হয়। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমেছে। এলাকার বাসিন্দা তথা গোঁড়শা পঞ্চায়েতের প্রধান সুবীর মুখোপাধ্যায় বলেন, রমেশ দলের দক্ষ সংগঠক ছিলেন। ডালিম্বা গ্রামের বুথ সভাপতিও ছিলেন তিনি। তাঁর মৃত্যু আমাদের কাছে অত্যন্ত বেদনার। শোক প্রকাশ করেছেন এলাকার বিধায়ক মোশারফ হোসেন।
Advertisement



