নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বরাকরে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে জোর। ৫ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে ৩০ শয্যার হাসপাতাল গড়ে উঠতে চলেছে এখানে। আরবান কমিউনিটি হেলথ সেন্টার হিসেবে স্বীকৃতি পাবে এটি। ৩০ শয্যার এই হাসপাতালে থাকবে শিশু ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক। গড়ে তোলা হবে অপারেশন থিয়েটার। থাকবেন সার্জেনও। আসানসোল থেকে বরাকরের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। ছোটখাট সমস্যা হলেও বাসিন্দাদের আসানসোল জেলা হাসপাতালে যেতে হয়। এই হাসপাতাল গড়ে উঠলে সেই ঝক্কি আর থাকবে না। খুশি এলাকার মানুষ।
Advertisement
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস বলেন, আসানসোল বরাকরের দূরত্ব অনেক। রোগীদের সমস্যা মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। আমাদের পাঠানো প্রস্তাব অনুমোদন হয়েছে। বরাকর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বরাকরের মতো বাণিজ্য শহরের একমাত্র ভরসা। এই হাসপাতালের ইনস্টিটিউশনাল ডেলিভারি করার ক্ষেত্রে একাধিক নজির রয়েছে। একাধিক বার হাসপাতালটি পুরস্কৃতও হয়েছে। বর্তমানে ওই স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি পুরসভার একটি সুস্বাস্থ্য কেন্দ্রও চলছে। কিন্তু বরাকরের জনবসতি বাণিজ্যিক গুরুত্বর দিক দিয়ে তা নগন্যই। এবার তাই স্বাস্থ্যদপ্তর বরাকরের সরকারি স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছে। এখনও বরাকর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৪০ থেকে ৫০টি ডেলিভারি হয় মাসে। বিষয়টি মাথায় রেখে সেখানে শিশু ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ রাখার প্রস্তাব রয়েছে। এরফলে গর্ভপাত জনিত জটিল সমস্যাগুলিও এখানে সমাধান করা সম্ভব হয়। পাশাপাশি ছোট অপারেশনগুলিও এই হাসপাতালে হলে মানুষের হয়রানি অনেক কমে যাবে।
এই খবর পাওয়া মাত্র যথেষ্ট আশাবাদী এলাকার মানুষ। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, দুই পর্যায়ে এই টাকা আসবে। প্রথম পর্যায়ের টাকাও চলে এসেছে। দ্রুত কাজ শুরু হবে এই আশায় রয়েছেন এলাকার মানুষ।
এই খবর পাওয়া মাত্র যথেষ্ট আশাবাদী এলাকার মানুষ। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, দুই পর্যায়ে এই টাকা আসবে। প্রথম পর্যায়ের টাকাও চলে এসেছে। দ্রুত কাজ শুরু হবে এই আশায় রয়েছেন এলাকার মানুষ।



