Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্জ্য সংগ্রহে কেনা বহু ই-টোটো অকেজো, পড়ে নষ্ট পঞ্চায়েতগুলিতে

বর্জ্য সংগ্রহে কেনা বহু ই-টোটো অকেজো, পড়ে নষ্ট পঞ্চায়েতগুলিতে
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: রাজ্য সরকার গ্ৰামীণ এলাকাকেও পরিচ্ছন্ন ও নির্মল করে তোলার উদ্যোগ নিয়েছে। বর্জ্য পরিশোধনের কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। আবর্জনা সংগ্ৰহের জন্য গ্ৰাম পঞ্চায়েতকে ই-টোটো দেওয়া হয়েছে। ঝাড়গ্রামের গ্ৰাম পঞ্চায়েতগুলিকে দেওয়া অধিকাংশ ই-টোটোই যান্ত্রিক ত্রুটিপূর্ণ। পড়ে পড়ে নষ্ট হচ্ছে। বাড়ি বাড়ি আবর্জনা সংগ্ৰহের কাজ ব্যাহত হচ্ছে। ঝাড়গ্রাম পুরসভা এলাকায় নিয়মিত আবর্জনা সংগ্ৰহ করা হয়। নির্মল গ্ৰাম গড়ার লক্ষ্যে পঞ্চায়েতে এলাকাতেও বাড়ি বাড়ি আবর্জনা সংগ্ৰহের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলায় ৭৯টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। সেখানে আবর্জনা সংগ্ৰহের জন্য ই-টোটো দেওয়া হয়েছে। কিন্তু, তার বেশিরভাগই যান্ত্রিক ত্রুটিপূর্ণ না হওয়ায় পড়ে পড়ে নষ্ট হচ্ছে। গ্ৰাম পঞ্চায়েতের তরফে সমস্যার বিষয়টি ব্লক প্রশাসন ও উচ্চস্তরে জানানো হয়েছে। যান্ত্রিক গোলযোগ থাকা বিপুল সংখ্যক ই-টোটো পরীক্ষা ছাড়াই কীভাবে পঞ্চায়েতগুলিকে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিনপুর-১ ব্লকের আঁধারিয়া গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান বাপি মণ্ডল বলেন, আমাদের যে ই-টোটো দেওয়া হয়েছিল, সেগুলির চাকা বাঁকা ছিল। একাধিক যন্ত্রাংশ খারাপ। যে কারণে আবর্জনা সংগ্ৰহে ব্যবহার করা যায়নি। ব্লক প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। বৈতা গ্ৰাম পঞ্চায়েতের প্রধান শেফালি সোরেন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের পাঠানো ই-টোটোগুলি পড়ে রয়েছে। গ্ৰামবাসীদের আমরা যত্রতত্র আবর্জনা না ফেলার আবেদন করেছি। জামবনীর দুবড়া গ্ৰাম পঞ্চায়েতের প্রধান ধ্রুবজ্যোতি রানা বলেন, তিনটি ই-টোটোর যান্ত্রিক ত্রুটি ছিল। কোনও উপায় না দেখে পঞ্চায়েতের অর্থ খরচ করে সারানো হয়েছে। ঝাড়গ্রাম ব্লকের পাতাশিমুল গ্ৰাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী রায় বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ই-টোটোগুলি ব্যবহার করা যাচ্ছে না। বাড়ি বাড়ি আবর্জনা সংগ্ৰহের কাজ ব্যাহত হচ্ছে। নয়াগ্ৰাম ব্লকের আরা গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান হরিশ্চন্দ্র সিং বলেন, তিনটি ই-টোটো দেওয়া হয়েছিল। তারমধ্যে একটির যান্ত্রিক ত্রুটি ছিল। পঞ্চায়েতের অর্থে সারানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ