Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিটের সামনে সরকারি জমি দখল গোয়ালজোতে

বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিটের সামনে সরকারি জমি দখল গোয়ালজোতে
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের সামনে সরকারি জায়গা দখল হয়ে যাচ্ছে। কোথাও সিমেন্টের পিলার দিয়ে টিন তুলে ঘর বানিয়ে জমি দখল করা হয়েছে, কোথাও আবার চারিদিকে ঢালাই করে প্লট বানিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য। কেউ আবার বাড়ি তুলে বসবাসও শুরু করেছেন পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের গোয়ালজোতে। 
Advertisement
রক্তি নদীর ধারে সরকারি জায়গা দখল করে স্থানীয় জমি মাফিয়ারা বিক্রি করে দিলেও প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয়দের। সরকারি প্রকল্পের সামনে সরকারি জায়গা কীভাবে বেদখল হয়ে যাচ্ছে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের অনেকে। তবে ভয়ে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না তাঁরা। জমি দখলের বিষয়টি কানে গিয়েছে মাটিগাড়ার বিডিও বিশ্বজিত্ দাসের কাছেও। তিনি বলেন, ব্লকের আধিকারিকরা পরিদর্শন করে এসেছেন। প্রকল্পের সামনে কয়েকটি বাড়ি হয়েছে। বাড়িগুলি তুলে দেওয়া হবে। 
পাথরঘাটার বিভিন্ন এলাকায় সরকারি জমি দখল নতুন কিছু নয়। তবে এখন জমি দখলের পন্থা বদলেছে। খাস জমির কিছু অংশে সরকারি প্রকল্প হলেই বাকি জমি দখল করে নিচ্ছে মাফিয়ারা। তাছাড়াও নদীর চর দখল করে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বছর খানেক আগে গোয়ালজোতে রক্তির চরে বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিটের উদ্বোধন হয়। সেখানে এখন পাথরঘাটার বিভিন্ন এলাকার বর্জ্য নিয়ে যাওয়া হচ্ছে। সেই ইউনিটের সামনের জায়গাটিই দখল হয়ে গিয়েছে। 
যদিও জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য মিলন থাপা। তাঁর দাবি, জমি বিক্রি হয়নি। কয়েকজন ভূমিহীন সেখানে বাড়ি বানিয়ে আছেন। যদিও অন্য কথা বলছেন বাড়ি বানিয়ে থাকা লোকেরা। তাঁরা বলছেন, স্থানীয় দু’জনের কাছ থেকে জমি কিনেছেন। সরকারি প্রকল্পের সামনেই জমি দখল করে বাড়ি তৈরি হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ফোন না তোলায় পঞ্চায়েত প্রধান মহম্মদ শাহিদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মেসেজেরও উত্তর মেলেনি।
- নিজস্ব চিত্র।
সম্পর্কিত সংবাদ