Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্রজলালচকে ৩ কোটির হলদিয়া গেট বেহাল, নতুন বানাতে চায় এইচডিএ

ব্রজলালচকে ৩ কোটির হলদিয়া গেট বেহাল, নতুন বানাতে চায় এইচডিএ
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: তিন কোটির বেশি টাকা ব্যয়ে হলদিয়ার ব্রজলালচক মোড়ে অবস্থিত এইচডিএ-র তৈরি হলদিয়া গেট ১০ বছরেই বেহাল হয়ে পড়েছে। বেহাল ওই গেট সারানোর জন্য প্রায় ১ কোটি ৮৫ লক্ষ টাকা প্রয়োজন। মেরামতের জন্য সম্ভাব্য খরচ জানতে একটি এজেন্সি নিয়োগ করেছিল এইচডিএ। ওই এজেন্সি জানিয়েছে, সম্ভাব্য খরচ প্রায় দু’কোটি টাকা। এই অবস্থায় এইচডিএ কর্তৃপক্ষ সেখানে নতুন গেট তৈরির পরিকল্পনা নিতে চলেছে। সেই পরিকল্পনার লক্ষ্যে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ বর্তমান গেটের ফাউন্ডেশনের উপর নতুন গেটের পরিকল্পনা এবং থ্রি-ডি ড্রয়িং জমা করতে টেন্ডার ডেকেছে। আগামী ৫ মার্চ এইচডিএ-র বোর্ড মিটিং রয়েছে। সেই সভায় হলদিয়া গেট নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। ২০১৩-’১৪ সাল নাগাদ তিন কোটি টাকার বেশি খরচ করে শিল্পশহরে ঢোকার মুখে ব্রজলালচক মোড়ে গেট নির্মাণ করে এইচডিএ। হলদিয়া-কোলাঘাট ৪১ নম্বর জাতীয় সড়কের উপর নির্মিত এই গেট শিল্প শহরের ঐতিহ্য। তৎকালীন এইচডিএ-র চেয়ারম্যান এই গেট উদ্বোধনের সময় এটিকে বিজয় স্মারক হিসেবে চিহ্নিত করেছিলেন। কিন্তু, সেই গেট দ্রুত ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে। কারও কারও মতে, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই গেটের এই বেহাল অবস্থা হয়েছে। এই মুহূর্তে সেখানে নতুন গেটের কথা ভাবতে শুরু করেছে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ। গত বছর প্রশাসনিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইচডিএ এবং ডিএসডিএ-র মতো ডেভেলপমেন্ট এজেন্সি থাকার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিন কোটির হলদিয়া গেট মাত্র ১০ বছরেই বেহাল হয়ে পড়ায় অনেকেই মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের প্রসঙ্গ টানছেন। সেখানে আবার নতুন ঩গেট বানাতে খরচ পড়বে প্রায় চার কোটি টাকা। আবার, পুরনো গেট সংস্কারের জন্য খরচ হবে ১ কোটি ৮৫ লক্ষ টাকা। এই অবস্থায় গত ৮ ফেব্রুয়ারি এইচডিএ-র চিফ এক্সকিউটিভ অফিসার টেন্ডার ডেকেছেন। হলদিয়া গেটের ‘কনসেপ্ট প্ল্যান’ জমা করার জন্য ওই টেন্ডার ডাকা হয়েছে। বর্তমান গেটের ফাউন্ডেশনের উপর ওই প্ল্যান জমা দিতে বলা হয়েছে। আর প্রস্তাবিত গেটের থ্রি ডি ড্রয়িংয়ের অন্তত ছ’কপি ফটো এবং সফ্ট কপি জমা দিতে বলা হয়েছে। এইচডিএ-র ভাইস চেয়ারম্যান সাধন জানা বলেন, আগামী ৫ মার্চ হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড মিটিং হবে। সেখানে ব্রজলালচকের হলদিয়া গেট নির্মাণ নিয়ে আলোচনা হবে। পুরনো গেট বেহাল হয়ে পড়েছে। সেটি সংস্কারের জন্য প্রায় ১ কোটি ৮৫ লক্ষ টাকা খরচ হবে বলে একটি এজেন্সি জানিয়েছে। নতুন গেটের জন্য প্রায় চার কোটি খরচ পড়বে। তাই আগামী বোর্ড মিটিংয়ে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ