মুম্বই: রাজকীয় আড়ম্বর নয়। চেনা নিরাপত্তার ঘেরাটোপও উধাও। সোমবার ভারত সফরের প্রথমদিন মুম্বইয়ে গলি ক্রিকেট আর রাস্তার ধারের দোকানে মাটির ভাঁড়ে কাটিং চায়ের স্বাদে মশগুল ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিন (কেট)। সঙ্গী ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকর। বিধান ভবন থেকে বান্দ্রা-কুরলা কমপ্লেক্স পর্যন্ত মেট্রো সফরও করেন তাঁরা। এদিন ব্যালার্ড এস্টেটের ঐতিহ্যবাহী এন মোরারজি রোডে আয়োজিত ক্রিকেটের আসরে ঢোল-তাশার বাদ্যে স্বাগত জানানো হয় যুবরাজ দম্পতিকে। সাদা শার্ট ও নেভি ব্লু ওয়েস্টকোটে ব্যাট হাতে নেমে পাঁচ বলের মাথায় বোল্ড হন উইলিয়াম। পরে তাঁর বলেই ক্যাচ দিয়ে আউট হন শচীন। অন্যদিকে, হালকা সবুজ জ্যাকেটে ব্যাট করতে নেমে অষ্টম বলে উইলিয়ামের শিকার হন ক্যাথরিন। শচীন জানান, আগে ওভাল ময়দানে উইলিয়ামের সঙ্গে খেললেও এবারের অভিজ্ঞতা একেবারে অন্যরকম। অনেক কচিকাঁচা, স্কুল পড়ুয়ারাও এদিন ক্রিকেটে সঙ্গ দেয় তাঁদের। ১৫ বছর বয়সি স্কুল পড়ুয়া শেহের খোখরা জানায়, শচীনের স্ট্রেট ড্রাইভ দেখা আর অটোগ্রাফ পাওয়া তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। বার্ষিক ‘আর্থশট প্রাইজ’ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে দ্বিতীয়বার ভারত সফরে এসেছেন ব্রিটিশ যুবরাজ দম্পতি। ১৮ নভেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন কেট ও উইলিয়াম।



