সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরের মাদক কাণ্ডে ধৃত ব্যবসায়ী মোকলেস উর শেখের ঘরে তল্লাশি চালাল রাজ্য এসটিএফ। তাকে নিয়ে সাড়ে তিন ঘণ্টা ধরে চলে চিরুনি তল্লাশি। দিনের শেষে ওই বাড়ি থেকে মিলেছে ১০০ গ্রাম হেরোইন। আরও কোথাও এই মাদক লুকিয়ে রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, বারুইপুরের খোদারবাজার এলাকায় মোকলেস উর শেখ এক হোমিওপ্যাথিক ডাক্তারের বাড়িতে ভাড়া থাকত। সেখানে কয়েকদিন আগে রাজ্য পুলিসের এসটিএফ অভিযান চালিয়ে ১ কোটি টাকার হেরোইন ও নগদ ২৭ লক্ষ টাকা উদ্ধার করে। ওই ব্যবসায়ী ছাড়া তার শ্যালকের শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন দুপুর দেড়টা নাগাদ এসটিএফের একটি দল মোকলেসকে সঙ্গে নিয়ে তার ঘরে ঢোকে। শুরু হয় তল্লাশি। বিকেল গড়িয়ে যাওয়ার পর ধৃতকে নিয়ে বেরিয়ে যায় তারা। বেরনোর সময় ধৃতের হাতে কয়েকটি ব্যাগ ছিল। তার মধ্যে কী ছিল, তা অবশ্য জানা যায়নি। মাটি খুঁড়ে তল্লাশি করা হয়েছে বলে খবর। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন বাড়ির মালিক তথা ওই ডাক্তার আব্দুস সামাদ। তিনি বলেন, ঘর খোঁড়াখুঁড়ি করা হয়নি। আলমারির লকার থেকে পাওয়া গিয়েছে ওই হেরোইন।



