উত্তরপ্রদেশ বিজেপির বড়ো দায়িত্বে ব্রিজভূষণ
  • ৩১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: মহিলা কুস্তিগীরদের হেনস্তার অভিযোগ উঠেছিল প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। এবার উত্তরপ্রদেশ নির্বাচনের আগে তাঁকেই বড়ো দায়িত্ব দিল গেরুয়া শিবির। পদ্মপার্টির রাজ্য এগজিকিউটিভ কমিটিতে ঠাঁই হয়েছে ব্রিজভূষণের। তিন মাস আগেই মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তার অভিযোগ থেকে প্রাক্তন সাংসদকে মুক্তি দিয়েছিল আদালত। তারপরেই প্রথমবারের জন্য তাঁকে উত্তরপ্রদেশের রাজ্য এগজিকিউটিভ কমিটিতে জায়গা দেওয়া হয়েছে।  একের পর এক বিতর্কের জেরে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ছয় বারের সাংসদ ব্রিজভূষণকে টিকিট দেয়নি বিজেপি। এবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে দলে গুরুত্ব বাড়ল তাঁর। ভোটের আগে রাজ্য কমিটিকে ঢেলে সাজচ্ছেন উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি পঙ্কজ চৌধুরী। সেখানেই পূর্ব উত্তরপ্রদেশের এই প্রভাবশালী নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার নব নির্বাচিত কমিটির সঙ্গে বৈঠকে বসেন পঙ্কজ। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহও।

Advertisement