সংবাদদাতা, দুর্গাপুর: বিয়ে বাড়িতে ধুন্ধুমার। আনন্দ অনুষ্ঠান মুহূর্তে যেন বদলে গেল রণক্ষেত্রে। বিয়ে বাড়ির অনুষ্ঠানে বরপক্ষের সঙ্গে কনেপক্ষের হাতাহাতিতে মৃত্যু হল যুবকের। শেষ পর্যন্ত বন্ধ হয় বিয়েও। এমনকী গুলি চালানোরও অভিযোগ করেছে কনের বাড়ির পরিবার। গোটা ঘটনায় উত্তপ্ত দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনি। ঘটনাস্থলে হাজির হয় বিরাট পুলিস বাহিনী।
পুলিস সূত্রে খবর, মৃত যুবকের বয়স ১৮। তিনি পাণ্ডবেশ্বর থানা এলাকার বাসিন্দা। ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। পরিবার সূত্রে খবর, বিয়ে বাড়িতে বরাকর থেকে বরযাত্রী আসার কিছুক্ষণ পরই গান বাজানোকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়। বরপক্ষের লোক গান পরিবর্তন করার কথা বললেও তাতে রাজি হয়নি কনেপক্ষ। আর এরপরই শুরু হয় দু'পক্ষের হাতাহাতি। অভিযোগ, এই হাতাহাতি ও ঝামেলার মধ্যে পড়েই কনে বাড়ির আত্মীয় যুবকটির মৃত্যু হয়। তাঁকে বরপক্ষের লোকেরা বেধড়ক মারধর করেছে বলে দাবি করা হয়েছে।
কনের বাবার দাবি, “যুবকটি আমাদের বাড়িতে এসেছিল। বরযাত্রী আসার পর তাঁর উপর হামলা চালায়। আমি শুনছি তাঁকে গুলি করে খুন করা হয়েছে। আমরা শাস্তি চাইছি। এই ঘটনার জন্য মেয়ের বিয়েও বন্ধ হয়েছে।” অন্যদিকে, আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন, “কোনও গুলি চলেনি। একটি ঘটনা ঘটেছে। মৃত যুবকের বুকে কোপানোর চিহ্ন রয়েছে। দেখে বোঝা যাচ্ছে, কোনও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা নিয়েও তদন্ত চলছে।”