নিজস্ব প্রতিনিধি, বরানগর: ক্লিনিক খুলে বসেছিলেন হাতুড়ে চিকিৎসক। সেই ক্লিনিকে এসে গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু হল এক গৃহবধূর। এই ঘটনাকে কেন্দ্র করে জগদ্দল থানার শ্যামনগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক শিবেন সরকারকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, মৃত গৃহবধূর নাম নিবেদিতা বৈদ্য। জেলা স্বাস্থ্যদপ্তরের তরফেও কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার বাপের বাড়ি নদীয়ার চাকদহে। হুগলি জেলায় তাঁর বিয়ে হয়েছিল। তাঁর এক মেয়ে রয়েছে। তবে কয়েক মাস আগে পারিবারিক অশান্তির জেরে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে এসেছিলেন অন্তঃসত্ত্বা এই গৃহবধূ। বাপের বাড়ির লোকজন এই অবস্থায় গর্ভপাতের সিদ্ধান্ত নেন। তাঁরা স্থানীয় সূত্রে শ্যামনগরের অমরনাথ লেনে হাতুড়ে চিকিৎসক শিবেন সরকারের খোঁজ পান। প্রথমে তাঁরা চেম্বারে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। শুক্রবার গর্ভপাত করাতে যান। সেই সময় ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে তাঁর শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে। গভীর রাতে তাঁকে অচৈতন্য অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এনিয়ে থানায় অভিযোগ দায়ের হয়।



