Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বৈরাগীরহাটে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু, রহস্য

বৈরাগীরহাটে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু, রহস্য
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মাথাভাঙা: বুধবার মাথাভাঙা-১ ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার জমিরডাঙা এলাকায় এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম দয়াল দাস (৭৬)।  ওই বৃদ্ধ তাঁর বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মৃতের বাড়ি আলিপুরদুয়ার জেলার খোয়ারডাঙার নারারথলি গ্রামে। বোনের বাড়ির এক প্রতিবেশীর বিরুদ্ধে বৃদ্ধকে মারধর করার অভিযোগ উঠেছে। এনিয়ে মৃতের ছেলে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। এদিন দেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। 
Advertisement
মৃতের ছেলে অনুকূল দাস বলেন, জমিরডাঙা এলাকায় আমার পিসি ও কাকাতো বোনের বাড়ি। মঙ্গলবার পিসির বাড়িতে বেড়াতে যায় বাবা। পিসির বাড়ি থেকে এদিন বিকেলে বোনের বাড়ি যাওয়ার সময়ে এক প্রতিবেশী তার বাড়িতে বাবাকে ডেকে নিয়ে যায়। এর পরেই ওরা কয়েক ভাই মিলে আমার বাবাকে মারধর করে। বাবা অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে ওষুধ এনে খাওয়ানো হয়। রাতে বাবা পিসির বাড়িতে আত্মহত্যা করে। আমাদের মনে হচ্ছে শারীরিক নির্যাতনের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়েই বাবা আত্মহত্যা করেছেন। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি আমরা। 
তবে কী কারণে ওই প্রতিবেশীরা বৃদ্ধকে মারধর করল, তা নিয়ে মুখ খুলতে চাইছেন না আত্মীয় সহ প্রতিবেশীরা। এদিন মাথাভাঙা মর্গে আসা বৃদ্ধের আত্মীয়দের দাবি, স্থানীয় লোকজন কিছু লুকোচ্ছেন। পুলিস তদন্ত করলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। ঘটনাকে ঘিরে জমিরডাঙা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি এলাকায় প্রভাবশালী। তাই মুখ খুলতে সাহস করছেন না কেউই। 
এ ব্যাপারে মাথাভাঙার মহকুমা পুলিস আধিকারিক সমরেন হালদার বলেন, বৈরাগীরহাটের জমিরডাঙা এলাকায় এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের লোকজন একটি অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতেই তদন্ত শুরু করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ