নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: মঙ্গলবার থেকে বর্ধমানের টাউন হলে খাদি মেলা শুরু হল। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানি এ, পুলিস সুপার সায়ক দাস, খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের সদস্য উজ্জ্বল প্রামাণিক। রাজ্যের মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হস্ত ও ক্ষুদ্র শিল্পে বিপ্লব এসেছে। কচুরিপানা থেকে শিল্প হতে পারে সেটা অনেকের ধারণার বাইরে ছিল। এখন সেটা হচ্ছে। কচুরিপানা দিয়ে ফুলদানি, কলমদানির মতো ঘর সাজানোর বিভিন্ন উপকরণ তৈরি হচ্ছে। খড় দিয়ে বিড়ে তৈরি করা হচ্ছে। মিষ্টির হাঁড়ির সঙ্গে তা দরকার হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, গত বছর এই মেলায় প্রায় এক কোটি টাকার সামগ্রী বিক্রি হয়েছিল। এবারও ক্রেতাদের ভিড় উপচে পড়বে। প্রায় ১০০টি স্টল রয়েছে। খাদির নানা সামগ্রীর পাশাপাশি পূর্বস্থলীর কাঠের প্যাঁচা সহ বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে। নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জেলার স্টল রয়েছে। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। রোজ দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চালু থাকবে।



