সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান থানার ফকিরপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁরই তিন বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম হারু দাস, শিবকুমার চৌধুরী ওরফে সুকুমার ও সোনু চৌধুরী ওরফে ফুটিয়া। বর্ধমান থানার ফকিরপুরের দাসপাড়ায় হারুর বাড়ি। বর্ধমান থানারই ইদিলপুরে শিবকুমার ও সোনুর বাড়ি। রবিবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হলে পাঁচদিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কালীপুজোর দিন রাতে ফকিরপুরের বাসিন্দা গৌরাঙ্গ মণ্ডল(৩৯) তাঁর তিন বন্ধু হারু, শিবকুমার ও সোনুর সঙ্গে বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরের দিন সকালে কাঞ্চননগর এলাকার সায়েরপাড় ঢাল থেকে তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পর তিনি মারা যান। প্রথমে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নামে থানা। পরে মৃতের ভাইপো জয়ন্ত মণ্ডল বর্ধমান থানায় ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, তিনজন মিলে তাঁর কাকাকে মেরে ফেলেছে।



