সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত তৃতীয় ডিভিশন ক্রিকেট লিগে সহজ জয় পেল গুসকরা জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন। রবিবার শহরের রাধারানি স্টেডিয়ামে তারা ৫৫ রানে তেওয়ারিবাগান সাথী সঙ্ঘকে হারিয়ে দেয়। এদিন টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠায় সাথী সঙ্ঘ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪০ ওভারে ২০৩ রান সংগ্রহ করে গুসকরা জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন। দলের হয়ে কাজি আরাফত আবেদিন ৪৬ বলে ৪টি ওভার বাউন্ডারি ও সম সংখ্যক বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করেন। মনোজ শর্মা ৬৫ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করেন। বিজয় সরকার ২৯ এবং অর্জুন লোহার ২২ রান করেন। সাথী সঙ্ঘের শুভেন্দু রানা ও গৌতম ভট্টাচার্য যথাক্রমে ২৮ ও ৩৯ রান দিয়ে ৩টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৩৪.১ ওভারে ১৪৮ রানে গুটিয়ে যায় সাথী সঙ্ঘের ইনিংস। দলের জঘন্য ব্যাটিং প্রদর্শনের মধ্যে একা কুম্ভের মতো লড়াই করেন কিঙ্কর গোস্বামী। তিনি ৪টি ওভার বাউন্ডারি ও ৭টি বাউন্ডারের সাহায্যে ৭৮ বলে ৭১ রান করেন। কিন্তু, দলের বাকি ব্যাটারদের ব্যর্থতায় তাঁর লড়াই মাঠে মারা যায়। তিনি ছাড়া আর দু’জন ব্যাটার দু’অঙ্কের রান করেন। সাথী সঙ্ঘের ইনিংসে অতিরিক্ত হিসেবে ২২ রান যোগ হয়। তা না হলে তাদের আরও লজ্জায় পড়তে হতো। গুসকরা জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের হয়ে মার্শাল হাঁসদা ভালো বল করেন।



