সংবাদদাতা, বর্ধমান : বর্ধমানে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সদর মহকুমা তৃতীয় ডিভিশন ক্রিকেট লিগে মঙ্গলবারের খেলায় জয়ী হয়েছে ইছলাবাদ অ্যাথলেটিক ক্লাব। এদিন শহরের রাধারানি স্টেডিয়ামে তারা ২১ রানে ময়ূরমহল মাতৃ সংঘকে হারিয়ে দেয়। এদিন পিচ ভিজে থাকায় দেরিতে খেলা শুরু হয়। ওভারের সংখ্যা কমিয়ে ৩২ করা হয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে ইছলাবাদ অ্যাথলেটিক ক্লাব। নির্ধারিত সময়ের মধ্যে ৩ ওভার কম বল করায় ইছলাবাদের স্কোরে ২৯ রান পেনাল্টি হিসেবে যোগ হয়। এছাড়াও অতিরিক্ত হিসেবে আরও ৪৫ রান যোগ হয় তাদের স্কোরে। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করে অঙ্কিত ঘোষ। মাতৃ সংঘের হয়ে আমিন হোসেন ৬ ওভার বল করে ২৭ রান দিয়ে ৪টি উইকেট নেন। মনদীপ পাল ৭ ওভারে একটি মেডেন সহ ২০ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। রান তাড়া করতে নেমে মাতৃ সংঘ ২৮.১ ওভারে ১৪৯ রানে অলআউট হয়ে যায়। নির্ধারিত সময়ের মধ্যে ইছলাবাদ ওভার সম্পূর্ণ করতে না পারায় পেনাল্টি হিসেবে তাদের ইনিংসেও ৫ রান যোগ হয়। এছাড়াও অতিরিক্ত হিসেবে যোগ হয় ৪৬ রান। অনিকেত কুণ্ডু ৫৪ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৪৯ রান করেন। বাকি ব্যাটারদের কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। ইছলাবাদের হয়ে সাহ্নিক শীল ও শেখ মানিক যথাক্রমে ২৬ ও ২৮ রান দিয়ে তিনটি করে উইকেট নেন।



