Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম ২

বর্ধমানে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম ২
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে  শনিবার উত্তেজনা ছড়াল বর্ধমানের নবাবহাটে। সংঘর্ষে দু’জন জখম হয়েছে। দলের একাংশর দাবি, নবাবহাট চত্বর ‘মধুভাণ্ডে’ পরিণত হয়েছে। এই এলাকায় বহু হোটেল এবং নার্সিংহোম রয়েছে। বাসস্ট্যান্ড থেকেও বিভিন্ন ভাবে আয় করা যায়। সেই কারণে দুই গোষ্ঠী ক্ষমতা ধরে রাখতে মরিয়া চেষ্টা করে। এর আগেও তারা একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষের পর এদিন দুই গোষ্ঠী বাড়ি বাড়ি গিয়ে একে অপরের বিরুদ্ধে হুমকি দেয়। এক গোষ্ঠীর নেতা ইসলাম শেখ বলেন, নবাবহাট মোড়ের কাছে বিভিন্ন জায়গা থেকে এসে শ্রমিকরা জমায়েত হয়। এখান থেকেই ঠিকাদাররা তাঁদের কাজে নিয়ে যান। ওই ঠিকাদারদের কাছ থেকেও  দলের কয়েকজন টাকা নিত। কয়েকদিন আগে পুলিস তাদের গ্রেপ্তার করে। ওরা ভেবেছিল আমরা ধরিয়ে দিয়েছি। সেই কারণেই আমাদের উপর হামলা করা হয়।
Advertisement
তবে অপর গোষ্ঠী এই অভিযোগ মানতে চায়নি। তাদের দাবি, দলবিরোধী কাজের প্রতিবাদ করায় তাদের উপরই হামলা করা হয়। তৃণমূলের জেলা নেতা দেবু টুডু বলেন, ঘটনা কী হয়েছে তা খোঁজ নিয়ে দেখছি।  
সম্পর্কিত সংবাদ