বর্ধমান স্টেশনের একাধিক এসকালেটর বা চলমান সিঁড়ি বন্ধ থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। বেশিরভাগ সময়ই তা বন্ধ থাকে বলে অভিযোগ যাত্রীদের। এব্যাপারে রেলের ভূমিকায় প্রশ্ন তুলেছেন তাঁরা। এসকালেটর বন্ধ থাকায় প্রবীণ যাত্রী সহ অনেকেই সমস্যায় পড়ছেন। বর্ধমান স্টেশন থেকে দিনভর বহু দূরপাল্লার ট্রেন চলাচল করে। সেইসঙ্গে বহু লোকাল ট্রেনও চলে। ফলে স্টেশন ও প্ল্যাটফর্মে দিনভর যাত্রীদের ভিড় থাকে। কোনও ট্রেন স্টেশনে থামলেই ভিড় আরও বেড়ে যায়। বিভিন্ন প্ল্যাটফর্ম ও মূল টিকিট কাউন্টারের গেটে এসকালেটর রয়েছে। কিন্তু বেশিরভাগ সময় এসকালেটর বন্ধ থাকায় যাত্রীদের সমস্যায় পড়তে হয়। গত বেশ কয়েকদিন ধরে দিনের অধিকাংশ সময় টিকিট কাউন্টারের দিক থেকে প্ল্যাটফর্মে যাওয়ার এসকালেটর বন্ধ হয়ে থাকছে। ৮নম্বর প্ল্যাটফর্মের এসকালেটরও মাঝেমধ্যে অকেজো থাকে। রেলের ভূমিকায় প্রশ্ন তুলে যাত্রী শেখ পাপাই বলেন, মাঝেমধ্যেই এসকালেটর কাজ করে না। আমাদের সমস্যায় পড়তে হয়। বয়স্কদের ফুট ওভারব্রিজ থেকে নামতে বা উঠতে আরও বেশি সমস্যা হয়। ব্যাগ-ট্রলি নিয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বিপাকে পড়তে হয়। আর এক যাত্রী বলেন, শিশু কোলে থাকলে বা সঙ্গে অসুস্থ কেউ থাকলে খুব সমস্যা হয়। যাত্রীদের সুবিধার্থে রেল কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।বর্ধমান স্টেশনের এক আধিকারিক বলেন, যান্ত্রিক কারণে অনেক সময় সমস্যা হয়। আমরা খবর পেলে লোক পাঠিয়ে ঠিক করে দিই। তাছাড়া প্ল্যাটফর্মে ট্রেন এলে বহু সময় যাত্রীদের একাংশ এসকালেটরের স্যুইচ বন্ধ করে দেন।



