Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান স্টেশন চত্বরে নোংরা-আবর্জনা ফেললে জরিমানা আরপিএফের

বর্ধমান স্টেশন চত্বরে নোংরা-আবর্জনা ফেললে জরিমানা আরপিএফের
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান স্টেশন চত্বর পরিষ্কার রাখতে কড়া পদক্ষেপ নিচ্ছে আরপিএফ। স্টেশন চত্বরে নিয়মিত অভিযান চলছে। যত্রতত্র থুতু ও আবর্জনা ফেলা, ধূমপান ও খোলা জায়গায় প্রস্রাব করলে জরিমানা করা হচ্ছে। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে ৫লক্ষ ৬৬হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আরপিএফ আধিকারিকদের কথায়, নিয়মিত অভিযান চললেও যাত্রীদের একাংশ সচেতন হচ্ছেন না। স্টেশন পরিষ্কার রাখতে সর্বত্র কড়া নজরদারি চলছে। এনিয়ে সচেতনতার প্রচারও চলছে।  
Advertisement
প্রতিটি স্টেশন চত্বর পরিষ্কার রাখতে সাফাইকর্মী রয়েছে। তা সত্ত্বেও বর্ধমান স্টেশনের প্রবেশপথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মাঝেমধ্যে আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। যাত্রীদের একাংশ রেল কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন তুলছেন। যদিও অনেকে আবার সহযাত্রীদের একাংশকে দোষারোপ করেছেন। তাঁদের কথায়, কিছু যাত্রী ইচ্ছাকৃতভাবে স্টেশন চত্বর নোংরা করছে। ভাতারের বাসিন্দা বিশ্বজিত্ পাল কর্ণাটক যাওয়ার জন্য বর্ধমান স্টেশনে অপেক্ষা করছিলেন। তিনি বলেন, স্টেশন চত্বরে একাধিক শৌচালয় থাকলেও দিনের আলোতেই অনেকে খোলা জায়গায় প্রস্রাব করছেন। ৮নম্বর প্ল্যাটফর্মের পাশেই অনেকে প্রস্রাব করেন। দুর্গন্ধে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যায় না। শুধু ওই একটি জায়গা নয়, স্টেশন চত্বরে বহু জায়গায় অনেকেই প্রস্রাব করেন। আর এক যাত্রী অষ্টম দাস বলেন, স্টেশন চত্বর খুব একটা পরিষ্কার নয়। বহু জায়গায় আবর্জনা ছড়িয়ে থাকতে দেখা যায়। রেল কর্তৃপক্ষ আর একটু নজর দিলে স্টেশন চত্বর আরও পরিষ্কার হবে। 
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, স্টেশন চত্বর পরিষ্কার রাখতে জুলাই মাস থেকে লাগাতার অভিযান চলছে। স্টেশন চত্বরজুড়ে নজরদারি চলে। অনিয়ম নজরে পড়তেই জরিমানা করা হচ্ছে। স্টেশন চত্বরে ধূমপান, আবর্জনা ফেলা, প্রস্রাব করলে ২০০টাকা করে জরিমানা করা হয়। থুতু ফেললেই ১০০টাকা জরিমানা হচ্ছে। জানা গিয়েছে, প্রায় পাঁচ মাসে সাড়ে পাঁচ লক্ষ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। সেই টাকা কমার্শিয়াল বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। আরপিএফের এক আধিকারিক বলেন, লাগাতার অভিযান চলছে। অনিয়ম দেখলে প্রতিনিয়ত জরিমানা করা হচ্ছে। সবসময় নজর রাখা হচ্ছে। যাত্রীদের সচেতন হতে হবে। 
সম্পর্কিত সংবাদ